২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিপুল বিদেশি মুদ্রা ও দামি মুক্তাসহ ভারতে পড়–য়া বাংলাদেশী ছাত্র আটক

বেনাপোল চেকপোস্ট দিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় বিডিআর সদস্যরা শনিবার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও দামি মুক্তাসহ ভারতে বিবিএ পড়–য়া এক বাংলাদেশী ছাত্রকে আটক করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 05:05 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

আটক গ্লেন ডনি বাড়ৈ ভারতের মহারাষ্ট্রের স্পাইরাল কলেজের বিবিএ শেষ বর্ষের ছাত্র। সে গোপালগঞ্জ সদর থানার পোড়াবাড়ি গ্রামের নর্থ নিয়াল বাড়ৈ- এর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বিডিআর সূত্র জানায়, শনিবার দুপুরে ডনি বাড়ৈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার চেষ্টা করে। এর আগে সে তার লাগেজ স্থানীয় কুলির মাধ্যমে ভারত সীমান্তে পাঠিয়ে দেয়।

সন্দেহজনক ঘোরাফেরার সময় বিডিআর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার আটশ’ দুই মার্কিন ডলার, ২৫ ব্রিটিশ পাউন্ড, এক হাজার ভারতীয় রূপি, বাংলাদেশী এক হাজার চারশ’ ৭৪ টাকা এবং ১৮ খণ্ড দামি মুক্তা উদ্ধার করে।

বিডিআর সদস্যদের ধারনা, উদ্ধারকৃত মুক্তাগুলোর প্রতি খণ্ডের মুল্য ১০ হাজার টাকা।

এতগুলো দামি মুক্তা কেন সে ভারতে নিয়ে যাচ্ছিল বিডিআরের এ প্রশ্নের জবাবে ডনি বাড়ৈ জানায়, মুক্তা সংগ্রহ তার শখ।

এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।