রাজধানীতে ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
রাজধানীর একটি ক্লিনিকে ভুল চিকিৎসার কারণে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মিডফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
পুরনো ঢাকার ২৫৯/৬১ রথখোলা রোডের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে আতিকুর রহমানকে (২৮) নওয়াবপুর স্মৃতি ফার্মেসি নামের একটি প্রাইভেট ক্লিনিক থেকে ভুল চিকিৎসা দেওয়া হয়। আতিকুরের চাচাতো ভাই মানিক রহমান ওই ক্লিনিকের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ করেন।
মানিক বলেন, আতিক গুলশানের একটি টেইলারে কাজ করত। জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে সে ওই ক্লিনিকে ভর্তি হয়। তাকে কর্তব্যরত চিকিৎসক ভুল চিকিৎসা দেয় বলে মানিক জানান।
মানিক আরও বলেন, ভুল চিকিৎসার ফলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ন্যাশনাল হাসপাতালে রেফার্ড করা হয়। আমরা তাকে সেখান থেকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে আসি। শুক্রবার রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং ভোরের দিকে তার মৃত্যু হয়।
