শিশুদের অংশগ্রহণে শিশু অধিকার কার্যক্রম: সমঝোতা স্মারক স্বাক্ষর
শিশুদের অংশগ্রহণ ছাড়া শিশু অধিকার কার্যক্রমসমূহ সাফল্য অর্জন করতে পারে না- এ বিবেচনা থেকে চাইল্ড ব্রিগেডের সাথে ইনসিডিন বাংলাদেশ যৌথ অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার জন্যে সম্মত স্মারক স্বাক্ষর করেছে।
ঢাকা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে শনিবার গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ আয়োজিত ‘পথ শিশুদের নিরাপদ রাত্রি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক রতন সরকার।
সংবাদ সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয়ে ইনসিডিন বাংলাদেশের চলমান অ্যাডভোকেসি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রতন সরকার বলেন, এই অ্যাডভোকেসি কার্যক্রমে সরকারের ছয়টি মন্ত্রণালয় এবং বাংলাদেশের পথশিশুদের নিয়ে কাজ করে এমন ১২টি বেসরকারি সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে।
ইনসিডিন বাংলাদেশ এবং চাইল্ড ব্রিগেড পথশিশুদের নিরাপদ রাত্রির বিষয়ে বিভিন্ন সরকারি--বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে বেশ কয়েকটি কর্মশালারও আয়োজন করেছে। এসব কর্মশালার মাধ্যমে এ সমস্ত শিশুদের নিরাপদ রাত্রির নিশ্চয়তা বিধানে একটি অ্যাডভোকেসি কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। তাছাড়া শিশুদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি গবেষণা কার্যক্রমও এগিয়ে চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের অ্যাডভোকেসি প্রধান নাসিমুল আহসান এবং প্রকল্প সমন্বয়কারী মুশফিকুর রহমান।
