চট্টগ্রামে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর লুটকৃত ৯৮ হাজার টাকা উদ্ধার, আরেকজন গ্রেপ্তার
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডিস্ট্রিবিউশন সেন্টার ম্যাক্রো হান্টে ডাকাতির ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা শনিবার লুটকৃত ৯৮ হাজার টাকাসহ ওই ঘটনায় জড়িত এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশের গোয়েন্দা শাখা এবং খুলশি পুলিশ বেশ কয়েক দফা যৌথ অভিযান চালিয়ে ঘটনার পরপর ম্যাক্রো হান্টে কর্মরত আনসার সদস্য আব্দুল কদ্দুসকে গ্রেপ্তার করে। গত ২৪ ডিসেম্বর এ ডাকাতির ঘটনা ঘটে।
তাকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হলে সে ঘটনায় জড়িত অপর চারজনের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ শুক্রবার তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডলসেন থেকে ৯৮ হাজার টাকা উদ্ধার করে।
কদ্দুস ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া এ ঘটনায় জড়িত আনসার সদস্য স্বপনচন্দ্র দেবনাথ, নুরুল আলম ওরফে জাহাজি আলম ও মো. নুরুল আলম ওরফে আলম সওদাগরের নামও প্রকাশ করেছে।
ডিবির সহকারি কমিশনার মোশাররফ হোসেন মিয়াজি বিডিনিউজকে বলেন, লুট করা টাকা নুরুল আলম ও কদ্দুসের মাধ্যমে তার বাড়িতে পাঠানো হয় বলে কদ্দুস জানায়।
তিনি জানান, তাদের বাড়িতে তল্লাশি অভিযান ও তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
কদ্দুসের দেওয়া তথ্যমতে গ্রেপ্তারকৃত অপর তিন আনসার সদস্যকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
