ডিআরইউ নির্বাচনে সাবু সভাপতি ও শাহেদ সাধারণ সম্পাদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক নির্বাচনে বাসস’র শফিকুল করিম সাবু সভাপতি ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার শাহেদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে ডিআরইউ মিলনায়তনে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
৬১৯ জন ভোটারের মধ্যে ৫১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে শফিকুল করিম সাবু ২৮১ ভোট পেয়ে সভাপতি পুনর্নির্বাচিত হন। ১৯৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক দিনকালের সিনিয়র রিপোর্টার মাহমুদা চৌধুরী।
সমকালের শাহেদ চৌধুরী বিদায়ী সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের সাখাওয়াত হোসেন বাদশাকে ১১৯ ভোটের ব্যবধানে পরাজিত করে তার পদে নির্বাচিত হন। শাহেদ চৌধুরী ৩০২ ভোট পেয়েছেন।
বার্তা সংস্থা আবাসের সাইফুল ইসলাম ২৯১ ভোট পেয়ে সহ -- সভাপতি পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নয়াদিগন্তের আশরাফ আলী পেয়েছেন ২১৫ ভোট।
যুগ্ম সম্পাদক পদে আমার দেশ’র ইলিয়াস খান সর্বোচ্চ ৩৪৬ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদায়ী যুগ্ম -- সম্পাদক নয়া দিগন্তের শওকত ওসমান রচি।
এছাড়াও দৈনিক ভোরের কাগজের সিদ্দিকুর রহমান (৩০৩ ভোট) অর্থ সম্পাদক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সাখাওয়াত হোসেন অপু (২৬৭ ভোট) প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিউ নেশনের সাইফুল ইসলাম (২২০ ভোট) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১০টি সদস্য পদে সংবাদের আজমল হক হেলাল (৩১৮ ভোট), আইয়ুব আনসারি (২৭৯ ভোট), ভোরের কাগজের শংকর মৈত্র (২৭১ ভোট), বিডিনিউজের আমিনুল হক ভূঁইয়া (২৬২ ভোট), বাংলাবাজার পত্রিকার মির্জা মেহেদী তমাল (২৫৮ ভোট), মজিবুর রহমান (২২৮ ভোট), ইন্ডিপেনডেন্ট’র অমিয় ঘটক পুলক (২২৫ ভোট), খবরপত্রের শরীফুল ইসলাম (২১১ ভোট), দেশবাংলার প্যাট্রিক ডি’ কস্তা (২০৮ ভোট) ও অর্থনীতির কাগজের মনজুরুল বারী নয়ন (১৭৮ ভোট)।
২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে যুগান্তরের হাসান আরেফিন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে চ্যানেল আই’র মাহবুব মতিন, সাংস্কৃতিক সম্পাদক পদে যুগান্তরের সফিউল আলম রাজা এবং ক্রীড়া সম্পাদক পদে মানবজমিনের কাজী ইমরুল কবির সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
