২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার তদন্তের অগ্রগতি জানাতে সরকারকে হাইকোর্টের নির্দেশ

সতের আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন আদালত প্রাঙ্গণে যেসব বোমা হামলার ঘটনা ঘটেছে প্রতি দুই সপ্তাহ অন্তর সেসব ঘটনার তদন্তের অগ্রগতি জানাতে হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বাংলাদেশ বার কাউন্সিলের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বুধবার হাইকোর্ট এ আদেশ দেন।

রিটে স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের আইজিকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

আদালত একই সাথে ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন আদালত প্রাঙ্গণে যেসব বোমা হামলার ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করতে বারবার ব্যর্থ হওয়ার কারণে কেন সরকারকে মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ ঘোষণা করা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর রুলনিশি জারি করেন।

এছাড়াও বিচার বিভাগের সদস্য, আদালতের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যর্থতাকে কেন আবেদনকারীদের মৌলিক অধিকার রক্ষায় সরকারের ব্যর্থতা ঘোষণা করা হবে না তা জানিয়ে সরকারকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

১৭ আগস্ট থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে সংঘটিত বোমা হামলার তদন্ত করতে সরকারের অব্যাহত ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে কাউন্সিলের মানবাধিকার কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জেডআই খান পান্না এ রিট পিটিশনটি দাখিল করেন। 

আবেদনকারীরা উল্লেখ করেন, ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণে সংঘটিত বোমা হামলার ঘটনার ব্যাপারে নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করতে তারা (বিবাদী) ব্যর্থ হয়েছেন। প্রসঙ্গত, এসব হামলায় বিচারক, আইনজীবী, পুলিশ ও সাধারণ জনগণ হতাহত হয়েছে।

আবেদনে আরও বলা হয়, জোট সরকারের কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছেন মিডিয়ার কাছে এমন বক্তব্য দেয়ার পর ২৪ নভেম্বর রাজশাহী-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সাংসদ আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়। আবু হেনা নির্দিষ্ট করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ আনেন।

আবেদনকারী বলেন, আবু হেনাকে দল থেকে বহিষ্কার করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অলি আহমদ মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন তাতেও জঙ্গি কর্মকাণ্ডের জন্যে জোট সরকারকে দোষারোপ করা হয়।

এছাড়াও বিএনপির সংসদীয় দলের হুইপ আশরাফ হোসেন জঙ্গি কর্মকাণ্ডের জন্যে জামায়াতে ইসলামীকে সরাসরি অভিযুক্ত করে মিডিয়াতে বক্তব্য দিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনকারীর পক্ষে আদালতে পিটিশনটি পরিচালনা করেন ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ড. এম জহির ও ব্যারিস্টার তানজিবুল আলম। অপরদিকে সরকার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।