২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-মেইলে দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে গ্রেফতারের দাবি করেছে গোয়েন্দা পুলিশ

গোয়েন্দা পুলিশ দাবি করেছে যে, তারা ই-মেইলে মার্কিন ও ব্রিটিশ দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে মঙ্গলবার গ্রেফতার করেছে। গত রোববার এক ই-মেইল বার্তায় ঢাকায় পশ্চিমা দেশগুলোর দূতাবাস ও হাইকমিশনসমূহ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 08:56 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

শাহনেওয়াজ চৌধুরী (৪০) নামের গ্রেফতারকৃত ব্যক্তির গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে এবং ঢাকার পূর্বরামপূরা এলাকায় তার বাস বলে পুলিশ সূত্র জানায়।

সূত্র আরও জানায়, ইতোপূর্বে গ্রেফতারকৃত মানিকের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর শাহনেওয়াজ চৌধুরীকে গ্রেফতার করা হয়।

মানিক জানায়, শাহনেওয়াজ একজন প্রতারক এবং সে আদম ব্যবসার সাথে জড়িত। মানিকের অভিযোগ, তাকে বিপদে ফেলতেই শাহনেওয়াজ তার নাম ব্যবহার করেছে।

সে আরও জানায়, বিদেশে পাঠানোর নামে সাত লাখ ৫০ হাজার টাকা নিয়ে বিদেশে পাঠায় নি এবং সে টাকাও ফেরত দেয়নি।

অন্যদিকে পুলিশ বলেছে, শাহনেওয়াজ চৌধুরী প্রতারণামূলক পেশায় জড়িত।

সূত্র জানায়, গ্রেফতারের পরপরই র‌্যাব-এর সদস্যরা মানিক ও শাহনেওয়াজকে তাদের হেফাজতে নিয়ে নেয়। পরে গোয়েন্দা পুলিশ পুনরায় তাদের হেফাজতে আনে।

এ প্রসঙ্গে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার শহিদুল ইসলাম বিডিনিউজকে বলেন, গোয়েন্দা পুলিশ শাহনেওয়াজ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

তিনি আরও জানান, গুলশান থানায় শাহনেওয়াজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।