বিমান বোর্ডের সিদ্ধান্ত: হজ্ব ফ্লাইটের জন্যে ৩টি বোয়িং ভাড়া নেয়া হবে
সরকার হজ্ব ফ্লাইটের জন্যে দু’টি এয়ারলাইন্সের কাছ তিনটি বোয়িং উড়োজাহাজ ভাড়া নিচ্ছে।
মঙ্গলবার বিমানের পরিচালনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা সূত্র জানায়, বুধবার একটি বিদেশী ও একটি দেশী এয়ারলাইন্সের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে।
জানা যায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় ইউরোপের ক্রস এয়ারের কাছ থেকে একটি বোয়িং-- ৭৪৭-- ৩০০ ও আরেকটি বোয়িং-- ৭৪৭-- ২০০ ভাড়া নিচ্ছে। এছাড়া এ দেশীয় এয়ারলাইন্স বিসমিল্লাহ এয়ার বিদেশ থেকে আরেকটি আরেকটি বোয়িং-- ৭৪৭-- ২০০ ভাড়া নিয়ে আসবে। বোয়িং-- ৭৪৭-- ৩০০ এ আসন রয়েছে ৫৭৬টি। আর বোয়িং-- ৭৪৭-- ২০০ এ আসন রয়েছে ৪৭১টি। ৯ ডিসেম্বরের এই তিনটি উড়োজাহাজ দেশে এসে পৌঁছবে।
১১ ডিসেম্বর থেকে হজ্ব ফ্লাইট চালু হচ্ছে। এ বছর ব্যালটি ও নন--ব্যালটি মিলিয়ে ৫২ হাজার হজ্বযাত্রী হজ্ব আদায় করবেন বলে বিমান ও ধর্ম মন্ত্রণালয় আশা করছে। এরমধ্যে ব্যালটি হাজ্বীর সংখ্যা ২৬ হাজার। বিমান ওই তিনটি ভাড়া করা উড়োজাহাজ দিয়ে প্রায় ৪৯ হাজ্বী পরিবহন করবে। এবার ব্যালটি হাজ্বীদের ভাড়া ৯৫০ মার্কিন ডলার ও নন--ব্যালটি হাজ্বীর সংখ্যা এক হাজার ৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিমান পরিচালনা পর্ষদের সভায় বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমডোর হারুন উর রশিদসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
