প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের অর্ন্তভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ সফল: ইউনিসেফ
প্রাথমিক বিদ্যালয়ে না যাওয়া সারা বিশ্বের মোট ১৫ কোটি শিশুর মধ্যে বাংলাদেশের রয়েছে ৩৮ লাখ অর্থাৎ ৩ শতাংশ শিশু।
বাংলাদেশে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার অনুপাত ৮৫ শতাংশের কিছুটা নিচে।
শিক্ষা ক্ষেত্রে নারী পুরুষ সমতা অর্জনে অগ্রগতি ও চ্যালেঞ্জ অর্জনে ‘জেন্ডার এচিভমেন্ট এন্ড প্রসপেক্ট ইন এডুকেশন’ শীর্ষক ইউনিসেফ রিপোর্টে বলা হয়, ২০০৫ সালের মধ্যে ৪৬ টি দেশ ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশুর বিদ্যালয়ে যাওয়ার লক্ষ্য অর্জন করতে পারে নি।
১৫ কোটি শিশুর মধ্যে বেশিরভাগই মেয়ে। কিন্তু মেয়ে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সফলতা অর্জনকারি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। ইউনিসেফ’র বক্তব্য অনুযায়ী বাংলাদেশের লক্ষ্য হচ্ছে ২০০৫ সালের মধ্যে শ্রীলংকা ও মালদ্বীপের মতো নারী -পুরুষের সমতা বিধান করা।
রিপোর্টে বলা হয়, প্রথমিক বিদ্যালয়ে না যাওয়া ৪৬ টি দেশের বেশিরভাগই মধ্যপ্রাচ্য/উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং পশ্চিম ও মধ্য আফ্রিকার।
স্কুলে না যাওয়া বিশ্বের মোট শিশুর এক তৃতীয়াংশ শিশু দক্ষিণ এশিয়ার। এক্ষেত্রে শুধুমাত্র ভারতের শিশুর পরিমাণ ২০ কোটি ৬৮ লাখ (২৩ শতাংশ)। পাকিস্তানের মোট ৭৮ লাখ (৭ শতাংশ) এবং বাংলাদেশের ৩৮ লাখ (৩ শতাংশ) শিশু প্রাথমিক বিদ্যালয়ে যায় না।
রিপোর্টে বলা হয়, ২০০৫ সালের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক এবং ২০১৫ সালের মধ্যে শিক্ষার সকল স্তরে নারী পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সহস্রাব্দের উন্নয়নের অন্যতম লক্ষ্য।
নভেম্বরের ২৬ ও ২৭ তারিখে অনুষ্ঠিত গার্লস এডুকেশন ইনিশিয়েটিভ ইন বেইজিং এ বিশ্ব উপদেষ্টা কমিঠির বৈঠকে ইউনিসেফ’র উপ নির্বাহী পরিচালক রাইমা সালাহ বলেন, এটা অর্জনীয় লক্ষ্য। বাস্তব অবস্থা থেকে আমরা জানি অনেক দেশই দুরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে।
রিপোর্টে আরও বলা হয়, ২০১৫ সালের মধ্যে সার্বজনিন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য আগামী ১০ বছর ধরে প্রতি বছর বৈশ্বিকভাবে ১ দশমিক ৩ শতাংশ হারে স্কুলে শিশুদের অন্তভুক্তি বৃদ্ধি নিশ্চিত করতে হবে।
