২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র আরো ৭ সদস্য গ্রেপ্তার

দেশব্যাপী চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁও, খুলনা, রংপুর ও টাঙ্গাইল থেকে নিষিদ্ধঘোষিত জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিন ও রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, র‌্যাব ও পুলিশের যৌথ দল রোববার গভীর রাতে জেলার রানীশংকৈল এবং হরিপুর উপজেলার অভিযান চালিয়ে জেএমবি’র সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো-- ভরনিয়া গ্রামের মাসুদ, চৌরঙ্গী গ্রামের সাইফুদ্দিন এবং আফজাল দিঘি গ্রামের আলাউদ্দিন।

পুলিশ দাবি করেছে, মাসুদ জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য।

বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, খুলনার কয়রা উপজেলার চাদালী ফেরী ঘাট থেকে সুমন ও কুদ্দুস নামে দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ওই দু’জনের কাছ থেকে জেএমবি’র বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।

রিমান্ডের আবেদন জানিয়ে তাদের মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, জেএমবি’র সদস্য সন্দেহে মোসলেম উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, একটি মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

তার পিতার নাম আবুল হাকিম। গংগাচড়া উপজেলার মৌভাসা গ্রামে তারা বাসা।

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেএমবি’র সদস্য সন্দেহে জাহিদ হাসান খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাহিদ করোটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার পিতার নাম বাশির মওলানা। দেলদুয়ারা উত্তরপাড়ার সদর উত্তরপাড়ায় তার বাসা।

এদিকে বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহীতে সোমবার তিন জেএমবি ক্যাডারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বোয়ালিয়া থানা পুলিশ জেএমবি ক্যাডার আবদুর রহমান খালিদ, বেলাল ও রনির ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ আগস্টের বোমা হামলার মামলায় এদের রিমান্ডে আনা হয়েছে।

শেরপুর প্রতিনিধি জানান, নকলা উপজেলার কাজাইকাটা গ্রাম থেকে থেকে গ্রেপ্তারকৃত জেএমবি’র সক্রিয় সদস্য সুজন সরকার ওরফে হাসিবুল হাসান (২২)কে সাতদিনের রিমান্ড শেষে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রিমান্ডকালে সুজন সরকার শেরপুরের বোমা বিস্ফোরণসহ জেএমবির সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।