মিগ ২৯ দুর্নীতি মামলার স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
মিগ-২৯ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যের দায়ের করা চারটি পৃথক স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার শুনানির কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
আবেদনের শুনানি শেষে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
আদালত আবেদনকারীদের কৌসুলিদের বলেন, ‘এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এটি কার্য তালিকা থেকে বাদ দিয়েছিল। তখন আপনারা আপিল বিভাগে বিষয়টি উল্লেখ করতে পারতেন’।
আদালত বলেন, ডিভিশন বেঞ্চ আবেদন প্রত্যাখান করার পর আপনারা আপিল বিভাগে বিষয়টি উল্লেখ করেন নি। এখনও আপনারা আপিল বিভাগে যেতে পারেন।
আবেদনকারীদের কৌঁসুলিদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শরিফুদ্দিন চাকলাদার ও বিচারপতি এএফএম আলী আসগরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ মিগ-২৯ ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে শেখ হাসিনাসহ আরও ছয় কর্মকর্তার দায়ের করা নির্ধারিত সাতটি পৃথক আবেদন সংশ্লিষ্ট বেঞ্চের কার্য তালিকা থেকে বাদ দেন।
শেখ হাসিনা ছাড়াও এয়ার কমোডর (অব.) মির্জা আখতার ফারুক, এয়ার ভাইস মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত সোমবার মামলার স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন জানান।
অভিযুক্তদের মধ্য থেকে শেখ হাসিনা, এয়ার কমোডর (অব.) মির্জা আখতার ফারুক, এয়ার ভাইস মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ, সৈয়দ ইউসুফ হোসেন, মো. নূর আলী, মো. হোসেন শের লিয়াকত আলী, জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমান মামলা থেকে অব্যাহতি চেয়ে এ আবেদন জানিয়েছিলেন।
হাইকোর্ট এর আগে নিু আদালতে বিচারাধীন মামলাটির কার্যক্রম স্থগিত করেন। ২৩ নভেম্বর স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়।
২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনা, এয়ার কমোডর (অব.) মির্জা আখতার ফারুক, এয়ার ভাইস মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ, সৈয়দ ইউসুফ হোসেন, মো. নূর আলী, মো. হোসেন সেরনিয়াবাত, জেনারেল (অব.) মুস্তাফিজুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মিগ ২৯ দুর্নীতি মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণে বলা হয়, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ও অন্য মন্ত্রী কর্মকর্তারা রাশিয়ার জঙ্গি বিমান মিগÑ২৯ ক্রয়ের মাধ্যমে দেশের ৭২০ কোটি টাকা লোকসান করেছেন।
আবেদনকারীদের পক্ষে আদালতে কার্যক্রম পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। সহকারি অ্যাটর্নি জেনারেল শামসুল আলম সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন।
