নারী উন্নয়ন নীতির পূর্ণ বাস্তবায়ন দাবিতে নারী নেত্রীরা
চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ১০ বছরের অর্জন এবং নতুন চ্যালেঞ্জ বাস্তবায়নে নতুন কৌশল গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নারী অধিকার সংরক্ষণে ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতির পরিপূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।
সিরডাপ মিলনায়তনে সোমবার ইউনিটি ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাকশন (ঊষা) এবং স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট আয়োজিত ‘বেইজিং প্লাস টেন : অগ্রমূখী কর্মপরিকল্পনা ’শীর্ষক এক সেমিনারে এ দাবি জানানো হয়।
বেসরকারি সংস্থা ঊষার নির্বাহী পরিচালক হোসনে আরা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহা পরিচালক সিকিউকে মোসতাক আহমেদ, বিশেষ অতিথি কানাডা হাইকমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজর সিলভিয়া ইসলাম।
মোস্তাক আহমেদ বলেন, নারী উন্নয়নে জাতীয় ভিত্তিক স্বতন্ত্র সংগঠন গড়ে তুলে নারীকে সচেতন করে তুলতে হবে।
সিলভিয়া ইসলাম বলেন, শুধু সরকার নয়, এ সমস্যা রোধে তৃণমূল পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল কনভেনশন বেইজিং প্লাসের প্রেসিডেন্ট সালমা খান, বিশিষ্ট নারী নেত্রী অধ্যাপক লতিফা আকন্দ, নারী নেত্রী ড. মালেকা বেগম এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
সেমিনারে ২০০৪ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, এ নীতিমালায় সিডো সনদের ১২টি ইস্যুর প্রতি গুরুত্ব দেয়া হয়নি বলে তারা সিডো সনদ পূর্ণ বাস্তবায়ন চান।
সালমা খান বলেন, ১৯৯৫ সালে ১৮৯ টি দেশের নেতৃবৃন্দ নিজ নিজ দেশের সংস্কৃতি অনুযায়ী কাজ করার ব্যাপারে একমত হন। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি বাংলাদেশে।
তিনি বলেন, নারী উন্নয়নে মূল বাধাগুলো হলো, শিক্ষার অভাব, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, দারিদ্র্য এবং সচেতনতার অভাব।
তিনি বলেন, মহিলা মন্ত্রণালয়ের নারী ইস্যুগুলো বাস্তবায়নের জন্য সারা দেশে ৫০০ কর্মকর্তা কাজ করছে। কিন্তু ১০ বছরেও এর বাস্তবায়ন হচ্ছে না।
নারী নেত্রী মালেকা বেগম বলেন, ১০ বছরে তৃণমূল পর্যায়েই আমাদের অর্জন বেশি। তারা খোলামেলাভাবে নিজ নিজ সমস্যা তুলে ধরতে পারে। শহুরে নারী তা পারে না। প্রত্যেকের পরিবারে নারীর সমস্যা বলার সাহস থাকতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।
