২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহর দলের নেতা মতিন মেহেদীর মালামাল ক্রোক

নিষিদ্ধঘোষিত ইসলামী সংগঠন জেএমবি’র সহযোগী সংগঠন আল্লাহর দল--এর সেকেন্ড--ইন--কমান্ড মতিন মেহেদী ওরফে তারকা মতিনের গাইবান্ধা শহরের ব্রিজ রোডস্থ বাসার মালামাল রোববার ক্রোক করে নিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, এর আগে পুলিশ মেহেদীর বাড়ি থেকে বিভিন্ন ধর্মীয় পুস্তক ও তার হাতে লেখা কিছু লিফলেটসহ বিভিন্ন কর্মীর কাছ থেকে আসা তাকে লেখা চিঠি উদ্ধার করে।

আল্লাহর দল’র প্রধান বাবুল আনসারীকে ডিবি পুলিশ রাজধানী থেকে গ্রেফতার করেছে। সে জাতীয় সংসদের একজন নিরাপত্তা কর্মকর্তা।

পুলিশ ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মতিন মেহেদী প্রথমে বাবুল আনসারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আল্লাহর দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তী পর্যায়ে সে জেএমবি’র কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে।

তার বিরুদ্ধে ঝিনাইদহ, বগুড়া, শেরপুর, পাবনা, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিস্ফোরক আইন ও ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার দু’দিন আগে মতিন মেহেদী গাইবান্ধা আসে এবং বোমা হামলার পর পরই দুপুর ১২টার পর বাড়ি থেকে একটি ব্রিফকেসসহ অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

মতিন মেহেদীর পিতা প্রাক্তন ইউপি চেয়ারম্যান ইনামুল হক মণ্ডল জানান, যেসব মালামাল ক্রোক করা হয়েছে, সেগুলো তার (ইনামুল হক) নিজের। এসব তার পুত্র মতিন মেহেদীর নয়।

তিনি আরও দাবি করেন, তার ছেলে জেএমবি’র সঙ্গে জড়িত নয়।

এদিকে বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে গ্রেপ্তারকৃত উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সুইসাইড স্কোয়াডের সদস্য তানভিরুজ্জামান ওরফে সালমান ওরফে মুরাদসহ তিন জঙ্গিকে পুলিশ ফের পাঁচ দিনের রিমান্ডে এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ওই তিন জঙ্গির প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষে  রোববার দুপুরে কড়া পুলিশ প্রহরায় পঞ্চগড় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্যে তাদের আবারও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানানো হলে ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম শুনানি শেষে পাঁচ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

জেএমবি’র সুইসাইড স্কোয়াডের সদস্য মুরাদ পুলিশী রিমান্ডে দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলাসহ বিভন্নস্থানে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক অফিসে ডাকাতির ঘটনাসমূহের চাঞ্চল্যকর তথ্য পুলিশকে দিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ সাংবাদিকদের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

পঞ্চগড় শহরের নতুনবস্তির জঙ্গি আস্তানা থেকে তাদের গ্রেপ্তারের সময় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামের সঙ্গে উদ্ধারকৃত মোটরসাইকেলটি জঙ্গিরা দিনাজপুরের বীরগঞ্জ গ্রামীণ ব্যাংকে ডাকাতি  করে লুট করেছে বলে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ ফকির পিপিএম সাংবাদিকদের জানালেও এরবেশি কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।