২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা হামলায় বিএনপি কর্মী নিহত, আহত ৪

সন্ত্রাসীদের বোমা হামলায় রোববার চুয়াডঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক বিএনপি কর্মী নিহত এবং অপর চারজন মারাত্মক আহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এদিকে চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) পক্ষে এক ব্যক্তি স্থানীয় সংবাদপত্র অফিস ও সাংবাদিকদের কাছে ফোন করে হামলার দায়িত্ব স্বীকার করেছে।

নিহত ব্যক্তির নাম রাজা মীর (৩৪)। সার ব্যবসায়ী আবদুল বারী এবং ভ্যানচালক শামসুল আলমকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং অপর আহত পথচারী একলাছ ও রিপনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবদুস সাত্তার জানান, বোমা হামলায় নিহত রাজা ছিল স্থানীয় বিএনপি’র একজন কর্মী।

বোমা হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা হাতেনাতে এক বোমাবাজকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সানোয়ার হোসেন লাড্ডু বিডিনিউজকে জানান, আহত বোমাবাজের নাম কুদ্দুস। সে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি গ্রামের মঙ্গল ডাকাতের ছেলে। সে দীর্ঘদিন হাজত খাটার পর সম্প্রতি জেল থেকে বের হয়েছে।

তবে আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই কাজী জালাল উদ্দিন আহমেদ ধৃত বোমাবাজের পরিচয় জানাতে পারেননি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৩টার দিকে রাজা মীর একটি মোটরসাইকেলযোগে লাল ব্রিজ বাসস্ট্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়। বোমার আঘাতে রাজার কোমার থেকে অনেকখানি মাংস উড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে আরও একটি বোমা নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এদিকে স্থানীয় সংবাদপত্র অফিস এবং সাংবাদিকদের কাছে মোবাইল ফোনে চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) পক্ষে বাদল রায় নামে এক ব্যক্তি বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।