বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে: মোর্শেদ খান
মাল্টায় অনুষ্ঠিত শনিবারের কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
শনিবার ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসবাদের মূল কারণ উদঘাটন করার এবং এ ব্যাপারে কমনওয়েলথ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা--সমঝোতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের পূর্বে মাল্টায় শুক্রবার সকালে দু’দিনব্যাপী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক শুরু হয়।
এ বৈঠকের বাইরেও এম মোর্শেদ খান সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, মালদ্বীপ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব দেশের সাথে বাংলাদেশে সমঝোতা ও সহযোগিতামূলক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অনেক খোলামেলা আলোচনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান।
