কার্যত ২৪ দিন ধরে অচল ঢাকা
ঈদ, সার্ক শীর্ষ সম্মেলন, সাপ্তাহিক ছুটি, বিরোধী দলের মহাসমাবেশ, পরিবহন ধর্মঘট এবং হরতালের ফাঁদে পড়ে একটানা ২৪ দিন ধরে কার্যত অচল ছিলো ঢাকা।
৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর দীর্ঘ এই ২৪ দিনে রাজধানীর অর্র্থনীতি, ব্যবসা বানিজ্য, প্রশাসনিক কাজকর্ম, শিক্ষাব্যবস্থা, সবকিছুই মুখ থুবড়ে পড়ে। রোববার থেকে আবারো ঢাকা ফিরে পাচ্ছে তার স্বাভাবিক গতি।
ওই ২৪ দিনে সরকারি ছুটি ছিলো মোট ১০ দিন। এরপর সার্ক সম্মেলন, পরিবহন ধর্মঘট, মহাসমাবেশ এবং হরতালের কারণে কার্যত বাকি ১৪ দিনও একরকম অচলই ছিলো রাজধানী।
ঈদ, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপলক্ষে ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। ঈদের ছুটির পরপরই সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে রাজধানীতে নেওয়া কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে জিম্মি হয়ে পড়ে নগরবাসী।
নগরীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটির সাথে যোগ করা হয় সার্কের ছুটি। বন্ধ করে দেওয়া হয় কারওয়ান বাজার। অনেক অফিস আদালতেও ছুটি বর্ধিত করা হয়। ১৪ নভেম্বর সকাল পর্যন্ত থমকে পড়ে ব্যবসা বানিজ্য, জনজীবন।
এরপরেই ২২ নভেম্বর আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘট, মহাসমাবেশ এবং হরতালের ফাঁদে আটকা পড়ে নগরবাসী।
সার্ক সম্মেলনের নিরাপত্তার জন্যে ১০ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৫ দিন রাজধানীর বৃহত্তম কাচাবাজার কারওয়ান বাজারসহ ভিআইপি রোড সংলগ্ন মার্কেটগুলো বন্ধ রাখার কারণে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এছাড়া অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারি ছুটির কারণে সব ধরণের ব্যবসা বানিজ্যে ছিলো মন্দা।
একইভাবে দেশের আমদানি রপ্তানি, ব্যাংকিং কার্যক্রম, বৈদেশিক লেনদেন, ইত্যাদিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খুব সহসাই এ ক্ষতি কাটিয়ে ওঠা যাবে কি না -- এ নিয়ে ব্যবসায়ী মহলের রয়েছে সংশয়।
দীর্ঘ এই ২৪ দিনে সচিবালয়সহ সরকারি অফিস আদালতেও তেমন কাজকর্ম হয়নি। সবাই ছিলেন ছুটির আমেজে। এরফলে আরো বাড়বে প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রিতা এবং সাধারণ মানুষের ভোগান্তি।
দীর্ঘ এই ২৪ দিনে সবচেয়ে শিক্ষার্থীদের পড়াশোনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা দীর্ঘায়িত হয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে রমজান এবং ঈদের ছুটির পর এখনোও ঠিকভাবে ক্লাস শুরু হয়নি।
দুর্গা পূজা এবং ঈদ উপলক্ষে ১০ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। একমাসের ছুটি শেষে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও সার্ক সম্মেলনসহ উল্লেখিত ২৪ দিনের জটে আটকা পড়ে এখনো স্বাভাবিক ক্লাস শুরু হয়নি। বাতিল হয়ে গেছে বিভিন্ন বিভাগের শতাধিক পরীক্ষা।
এর মধ্যে ডিসেম্বর থেকে আবার শুরু হচ্ছে শীতের ছুটি। এরপর জানুয়ারি ২২ তারিখ পর্যন্ত আবার ঈদ-উল-আযহার বন্ধ। সব মিলিয়ে সাড়ে তিনমাস ধরে অচল থাকবে বিশ্ববিদ্যালয়। এরফলে একাডেমিক কার্যক্রম যেমন পিছিয়ে পড়ছে তেমনি শিক্ষার্থীদের মুখোমুখি হতে হচ্ছে ভয়াবহ সেশনজটের।
