ঢাবি শিক্ষকদের কোচিং সেন্টারের পরিদর্শক নিয়োগ: ক্ষুব্ধ শিক্ষকরা উপাচার্যের কাছে প্রতিবাদ জানালেন
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি কোচিং সেন্টারের পরিদর্শক হিসেবে নিয়োগ দানের ঘটনায় প্রায় ৩০ জন শিক্ষকের একটি দল শনিবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সঙ্গে সাক্ষাত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হারুন অর রশীদ প্রমুখ উপাচার্যের কাছে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রাইমেট নামক একটি কোচিং সেন্টারের পরীক্ষার জন্য শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও বাণিজ্য ভবন ভাড়া এবং শিক্ষকদের পরীক্ষার হলে পরিদর্শক নিয়োগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরণের ঘটনা এই প্রথম।
এ ঘটনায় ছাত্র--শিক্ষকদের মাঝে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো.আখতারুজ্জামান এ ব্যাপারে বিডিনিউজকে বলেন, শিক্ষকদের কোচিং সেন্টারের পরীক্ষার জন্য পরিদর্শক নিয়োগ দেওয়া সমর্থন করা যায় না।
তিনি বলেন, কোচিং সেন্টারের জন্য ভাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারে পরিণত করার বিষয়টিও মেনে নেওয়া অসম্ভব।
তিনি আরো বলেন, এটা ছাত্র--শিক্ষক কারো কাছে বাঞ্চনীয় নয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হারুন অর রশীদ বলেন, আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকদের পক্ষ থেকে এ ব্যাপারে উপাচার্র্যের সাথে দেখা করে প্রতিবাদ করা হয়েছে।
তিনি বলেন, ঢাবি কর্তৃপক্ষের উচিত হবে বিএনপি ও জামাত সমর্থিত সাদা দলের শিক্ষকদের কাছে ওই ঘটনার কৈফিয়ত দাবি করা। একই সঙ্গে আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
