ঢাবি ভবন কোচিং সেন্টারের কাছে ভাড়া দেওয়া হলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য ভবন একদিনের জন্য বাণিজ্যিক ভিত্তিতে কোচিং সেন্টারকে ভাড়া দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরণের ঘটনা এটিই প্রথম।
শুক্রবার এর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। তারা প্রাইমেট নামক কোচিং সেন্টারটির ব্যানারে অগ্নিসংযোগ করে এবং তাদের দেওয়া আসন তালিকা ছিঁড়ে ফেলে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বাণিজ্য না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার মেডিকেল ভর্তিচ্ছুদের মডেল টেস্ট নেওয়ার জন্য প্রাইমেট কোচিং সেন্টারকে একদিনের জন্যে ভাড়া দেয়। শুক্রবার দুপুর ৩ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোচিং সেন্টারের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সদরুল আমিন কলাভবনকে প্রাইমেট কোচিং সেন্টারের কাছে ভাড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
