পাবনায় আভ্যান্তরীন কোন্দলে প্রতিপক্ষের হামলায় ৩ ছাত্রলীগ নেতা আহত
পাবনায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে তিন ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছে।
আহতরা হচ্ছে -- জেলা ছাত্রলীগ নেতা ও শালগাড়িয়া এলাকার শাজাহান আলীর ছেলে রানা (২৪), একই এলাকার আব্দুলের ছেল নাছির ওরফে নাদের (২৩) এবং কালাচাঁদপাড়ার শামিম (২৩)।
এদের মধ্যে দুইজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত পৌণে ৮টার দিকে হরতাল শেষে ছাত্রলীগের কয়েকজন নেতা শালগাড়িয়া এলাকার থানার মোড়ে আড্ডা দিচ্ছিল।
এসময় ১০/১২ জনের একদল সন্ত্রাসী তাদেরকে উপুর্যূপরি ছুরিকাঘাত করে।
এতে ছাত্রলীগের রানা, নাছির এবং শামিম গুরুতর আহত হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে মৃত ভেবে ওই স্থান ত্যাগ করে।
পরে আশপাশের লোকজন এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
এদের মধ্যে রানা ও নাছিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাবনা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই দুলাল ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম সাইদুল হক চুন্নু জানান, বুধবার রাতে হরতালের সমর্থনে বক্তব্য দেওয়া নিয়ে সৃষ্ট ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
