২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাংলাভাই সন্দেহে এক ব্যক্তি আটক, প্রমাণ না মেলায় মুক্তি

নোয়াখালীর মাইজদী জামে মসজিদ সড়কের হক বোর্ডিং থেকে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনতা নিষিদ্ধঘোষিত জেএমবির শীর্ষ নেতা বাংলা ভাই সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

অনেকটা বাংলা ভাইয়ের মত দেখতে আটককৃত ব্যক্তির পরনে কাবলী পায়জামা পাঞ্জাবী, মুখে লম্বা কালো দাঁড়ি ও মাথায় টুপি ছিল।

এদিকে বাংলা ভাইয়ের মত দেখতে হলেও আসলে সে বাংলা ভাই নয়। কারণ তার দেওয়া তথ্য মিলিয়ে এর প্রমাণ পাওয়া গেছে।

নোয়াখালীর পুলিশ সুপার একেএম শহিদুর রহমান পিপিএম জানান, বাংলাভাই সন্দেহে গ্রেপ্তারকৃত সন্দেহে বেলাল হোসেনের দেওয়া ঠিকানা অনুযায়ী মাদারীপুর থানায় যোগাযোগ করা হলে সেখানকার কর্মকর্তারা খোঁজ নিয়ে নিশ্চিত করেন বেলালের দেওয়া ঠিাকানা ও তথ্যের মিল রয়েছে।

সুধারাম থানা পুলিশ বিডিনিউজকে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম বেলাল হোসেন ব্যাপারী (৪০) এবং পেশায় গাড়িচালক বলে জানিয়েছে।

পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী আটক বেলালের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামে। সে ২২ বছর ধরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িচালক হিসেবে চাকুরি করে আসছে। ২১ নভেম্বর সে এক্সিম ব্যাংকের চৌমুহনী শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমানের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে চাকুরিতে যোগ দিতে নোয়খালী আসে এবং হক বোর্ডিংয়ের তিন নম্বর কক্ষে অবস্থান নেয়।

সে কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয় বলে পুলিশকে জানিয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম জানান, তাকে আটকের পর তার আত্মীয় স্বজনেরা থানায় ভীড় জমায়।

পরে এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।