আল জাজিরার সাংবাদিক হত্যায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে আইএফজে
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আরব টিভি স্টেশন আল জাজিরায় বোমা হামলার পরিকল্পনা করেছিলেন।
এমন খবর প্রকাশিত হওয়ার পর ২০০৩ সালের ৮ এপ্রিল বাগদাদে আল জাজিরার অফিসে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যমূলকভাবে হামলা করেছিল কি না, তা নিয়ে সারা বিশ্বের সাংবাদিকদের মধ্যে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে।
ওই হামলার ঘটনায় তারেক আইয়ুব নামে আল জাজিরার এক প্রতিবেদক নিহত হয়েছিল।
আন্তর্জাজিক সাংবাদিক ফেডারেশনের (আইএফজে) সাধারণ সম্পাদক আইডান হোয়াইট বলেন, যদি উদ্দেশ্যমূলকভাবে হামলা হয়ে থাকে, তাহলে নির্দোষ সাংবাদিক হত্যার জন্য যুক্তরাষ্ট্র দায়ী। এখন যুক্তরাষ্ট্রের ওই হামলার ব্যাপারে সত্য বলার সময় এসেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার ভঙ্গের দায়ভার তাদের নিতে হবে। আইএফজে’র মতে, যুক্তরাষ্ট্র ওই ঘটনার কোনও তদন্ত এমনকি আইয়ুব হত্যার যথাযথ সংবাদও প্রকাশ করেনি।
আইএফজে ইরাকে মার্কিন সেনার হাতে নিহত ১৬ সাংবাদিক ও গণমাধ্যম কর্মীর বিচারের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।
