২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা চেয়ে গণধোলাই খেেেয়ছে এক এসআই, সাময়িক বরখাস্ত

চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে মোবাইল ফোনের দোকানে চাঁদা দাবি ও দোকানের মালিককে মারধর করে ব্যবসায়ীদের গণধোলাই খেয়েছে মোহাম্মদ ইসমাইল নামের কোতয়ালী থানার এক এসআই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

গণধোলাই দিয়ে প্রায় চার ঘন্টা আটক রাখার পর এই এসআইকে সিএমপি কর্তৃপক্ষ বরখাস্তের ঘোষণা দিলে ব্যবসায়ীরা তাকে কোতয়ালী থানা পুলিশের জিম্মায় তুলে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুর ১টায় কোতয়ালী থানার এসআই মোহাম্মদ ইসমাইল সাদা পোশাকে রেয়াজউদ্দিন বাজারের মোবাইলের দোকান পিংকী স্টোরে গিয়ে একটি পুরানো মোবাইল সেট দরদাম করে। এক পর্যায়ে সে দোকানদারকে বলে এটি চোরাই মোবাইল সেট এবং তার কাছে এরকম আরও চোরাই মোবাইল আছে।

ইসমাইল নিজের পরিচয় দিয়ে দোকানদারের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে দোকানদারের সাথে তার তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ইসমাইল দোকানদারকে মারধর করতে থাকলে আশপাশের ব্যবসায়ীরা তাকে ধরে গণধোলাই দিয়ে রেয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির অফিসে আটকে রাখে।

খবর পেয়ে বিকেল ৩টায় কোতয়ালী জোনের এসি মাহবুব রশীদ ও কোতয়ালী থানার ওসি মঈনউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ইসমাইলকে উদ্ধারের চেষ্টা করে। এতে ব্যবসায়ীরা মারমুখী হয়ে মিছিল করতে থাকে।

কোতয়ালী থানার ওসি মঈনউদ্দিন বিডিনিউজকে জানিয়েছেন, ইসমাইলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।