ফরিদপুরে গৌতম হত্যার বিচারের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান ধর্মঘট, কর্তব্যে অবহলোর জন্যে কনস্টেবল ক্লোজ
সাংবাদিক গৌতম হত্যাকান্ডের প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফরিদপুরের সংবাদিকরা বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে। এদিকে নতুন করে কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ রিমান্ডপ্রাপ্ত দু’আসামির সাথে বহিরাগতদের সাক্ষাতের সুয়োগ দানের কারণে এক কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।
জানা যায়, কোতয়ালী থানার কনস্টেবল অংশুপতিকে কর্তব্য পালনে অবহেলার জন্য পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
সে গৌতম হত্যা মামলার রিমান্ড প্রাপ্ত দু’আসামি তামজিদ হোসেন বাবু এবং মো. সিদ্দিকুর রহমানের সাথে বহিরাগতদের সাক্ষাতের সুযোগ করে দিয়েছিল।
এদিকে বুধবার সকালে ফরিদপুর প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টার অবস্থান ধর্মঘট চলাকালে ফরিদপুরের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতারা সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
এছাড়া জেলা প্রশাসক মো. নাসিরউদ্দিন খান এবং পুলিশ সুপার মো. আব্দুল জলিল সাংবাদিকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন এবং মতবিনিময় করেন।
এদিকে দৈনিক আমার দেশ পত্রিকা ও এনটিভির প্রতিনিধি আরিফ ইসলামকে গৌতম হত্যাকান্ড নিয়ে আর কোন সংবাদ পরিবেশন না করতে সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।
