নরসিংদীতে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত শতাধিক, সাড়ে ৮ ঘন্টা পর রেল চলাচল শুরু
নরসিংদী জেলার রায়পুর উপজেলার আমীরগঞ্জে মঙ্গলবার রাতে যাত্রীবাহী দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উপকূলীয় এক্সপ্রেস এবং মেইল ট্রেন নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনার পর ঢাকা--চট্টগ্রাম, ঢাকা--সিলেট, ঢাকা--নোয়াখালী রুটের রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত দুটি ট্রেন সরানোর সাড়ে আট ঘন্টা পর সকাল ৬টা ৪৩ মিনিটে রেল চলাচল আবারও শুরু হয়।
বিডিনিউজ নরসিংদী প্রতিনিধি জানান, রাত ১০টা ১০ মিনিটে উপকূল এক্সপ্রেস এবং মেইল ট্রেন নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ের সহকারি পরিচালক (অপারেশন) গোলাম মোস্তফা বিডিনিউজকে বলেন, নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেসটি যখন আমীরগঞ্জে দাঁড়ানো ছিল তখন ঢাকাগামী উপকূল এক্সপ্রেসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে নোয়াখালী এক্সপ্রেসের লাইনে ঢুকে পড়লে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ট্রেনের বগি লাইনচ্যুত হলে বহু লোক আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেইল ট্রেন নোয়াখালী এক্সপ্রেসের প্রথম বগিটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এর ভেতরের যাত্রীরা মারাত্মক আহত হয়।
দুর্ঘটনার পর আমিরগঞ্জ স্টেশনের সকল কর্মচারি পালিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর নোয়াখালী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে যায়। ঢাকা থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে আট ঘন্টা চেষ্টা করে লাইনচ্যুত হওয়া বগি সরালে রেল চলাচল আবারও শুরু হয়।
আহত যাত্রীদের মধ্যে সাত জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, হারুন (৫০), এম সোবহান মিয়া (৩০), কুমিল্লার এম কাওসার মিয়া (২৮), জুয়েল আহমেদ (৪০), সিরাজগঞ্জের অলিউল হক কিরণ (২৬), নরসিংদীর নয়ন (৩৫)। এদের মধ্যে হারুনকে প্রথমে নরসিংদী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
