২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র ‘সুইসাইড স্কোয়াড’ এর হিট-লিস্টে র‌্যাব সদস্যরা

দেশব্যাপী বিচারকদের ওপর হামলার পর এবার নিষিদ্ধ ইসলামী সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর ‘কাতেল গ্র“প’ বা ‘সুইসাইড স্কোয়াড’ এর দ্বিতীয় হিট--লিস্ট এ স্থান পেয়েছে র‌্যাব সদস্যদের নাম। র‌্যাব এর উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার এ তথ্য দেন।

আবু সুফিয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দেশব্যাপী জেএমবি বিরোধী অব্যাহত অভিযান পরিচালনার অংশ হিসেবে শনিবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে উদ্ধারকৃত কম্পিউটার এর হার্ডডিস্ক এ রক্ষিত এবং সিডিতে (কমপ্যাক্ট ডিস্ক) কপি করা ডাটা থেকে এ তথ্য জানতে পেরেছে র‌্যাব সদস্যরা। বনশ্রীর ওই বাড়িতে জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান আত্মগোপন করে আছেন, এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়েছিলো র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত সিডিতে প্রাপ্ত তথ্যমতে, জেএমবি সারাদেশে র‌্যাব এর মোট জনবল এবং সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। এছাড়া র‌্যাব এর অফিস ও অন্যান্য স্থাপনা সম্পর্কেও তারা ম্যাপ সংগ্রহ করেছে।

র‌্যাব সূত্র জানায়, বনশ্রীর বাড়িটি ছিলো জেএমবি’র মজলিশ-এ-শূরার সদস্যদের নিরাপদ আখড়াগুলোর একটি। ওই অভিযানকালে র‌্যাব সদস্যরা নথিপত্রও উদ্ধার করে। 

সিডিতে প্রাপ্ত তথ্য সম্পর্কে র‌্যাব এর একটি সূত্র জানায়, জেএমবি র‌্যাব এর ইতিহাস, অপারেশন এবং এযাবত র‌্যাব এর সফলতা সম্পর্কেও বিস্তারিত তথ্য তাদের কম্পিউটারে জমা রাখে।

এছাড়া গত বছরের ২৬ মার্চ থেকে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বাহিনী থেকে যে কয়জন সদস্য র‌্যাব এ যোগ দিয়েছেন, তাদের বিস্তারিত তথ্যও জমা আছে ওই সিডিতে।

“র‌্যাব সদস্যদের তথ্য সংগ্রহের ফলে মনে হচ্ছে, বিচারকদের পরেই জেএমবি’র সুইসাইড স্কোয়াডের টার্গেট র‌্যাব সদস্যরা,” সূত্র জানায়।

এছাড়া সারাদেশে এ পর্যন্ত র‌্যাব এর এনকাউন্টারে যে ক’জন নিহত হয়েছে তাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য আছে ওই সিডিতে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব এর এনকাউন্টারে যারা নিহত হয়েছে, তাদের অনেকেরই পরিবারের সাথে যোগাযোগ করেছে জেএমবি। ওই পরিবারগুলোর সদস্যদের জেএমবি’র সুইসাইড স্কোয়াডে যোগ দিতেও উদ্বুদ্ধ করেছে জেএমবি’র টপ নেতারা।

উল্লেখ্য, জেএমবি তাদের দুটি মুল টার্গেটের প্রথম টার্গেট হিসেবে গত ১৫ নভেম্বর ঝালকাঠি জেলায় সোহেল এবং জগন্নাথ পাড়ে নামে দুই বিচারককে বোমা মেরে হত্যা করে। গত ১৯ নভেম্বর পঞ্চগড়ে আটক জেএমবি ক্যাডার তানভীরুজ্জামান বিচারক হত্যা সম্পর্কিত তাদের নীল নকশা সম্পর্কে তথ্য দিয়েছিল পুলিশকে।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সুইসাইড স্কোয়াডের হাতে নিহত হলেন দুই বিচারক।

গত ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওই হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়।

গোয়েন্দা তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে জেএমবি’র সুইসাইড স্কোয়াডের প্রায় ২০০০ সদস্য সক্রিয় রয়েছে।