পূর্তমন্ত্রী আলমগীর কবিরের হাতে জনকন্ঠের সাংবাদিক লাঞ্ছিত
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির তার সচিবালয়ের কার্যালয়ে রোববার দুপুরে দৈনিক জনকন্ঠের একজন সাংবাদিককে আটকে রেখে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।
লাঞ্ছিত সাংবাদিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার তপন বিশ্বাস। পেশাগত দায়িত্ব পালনকালে তপন প্রতিমন্ত্রীর হাতে লাঞ্ছনার শিকার হন।
পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমজেবি’র প্রধান বাংলা ভাইকে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।
তপন বিশ্বাস বিডিনিউজকে বলেন, মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে প্রশ্ন করা হলে পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি গালাগাল করেই ক্ষান্ত হননি, দরজা বন্ধ করে আমার কলার চেপে ধরেন। এক পর্যায়ে আমার মোবাইল ফোনও তিনি ছিনিয়ে নেন এবং আমাকে লাঞ্ছিত করেন।
তপন বিশ্বাস বলেন, সচিবালয় বিটে কাজ করেন, এমন রিপোর্টাররা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করেন। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানান।
তবে পূর্ত প্রতিমন্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করেননি।
প্রতিমন্ত্রী আলমগীর কবিরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না।
এদিকে ঘটনার প্রতিবাদে শতাধিক সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক নেতা পথিক সাহা প্রমুখ।
সমাবেশ থেকে সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর বাংলাভাইয়ের গডফাদার। তারা অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।
সাংবাদিক বিক্ষোভ চলাকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রায় ১০ মিনিট বন্ধ থাকে।
