২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যাত্রীবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল চলাচল বন্ধ

নরসিংদী জেলার আমিরগঞ্জ স্টেশনের সামান্য দুরে রোববার সকাল ৭টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ২০/২৫ জন যাত্রী সামান্য আহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 12:16 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোস্তফা জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, সকাল ৭টা ছয় মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই ঢাকা থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুপুর নাগাদ লাইনচ্যুত বগি সরানোর কাজ সম্পন্ন হতে পারে।

পূর্বাঞ্চলীয় কন্ট্রোলরুম সূত্র জানায়, তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদীর আমিরগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর সিগন্যাল পয়েন্টের নিকট ইঞ্জিন থেকে একটি পার্টস ভেঙ্গে রেল লাইনের পয়েন্টের মধ্যে পড়লে পাওয়ার কারসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

ট্রেনের চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি থামিয়ে দেয়।

এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ২০/২৫ জন যাত্রী আহত হয়।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল, কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর, সিলেটগামী আন্তঃনগর পারাবত, চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণা এক্সপ্রস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।