গৌতম দাসের হত্যাকারিদের ৩ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা
দৈনিক সমকাল’র ফরিদপুর বুরে্যা প্রধান গৌতম দাসের হত্যাকারিদের তিনদিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
সাহসী সাংবাদিক গৌতম দাসের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ দাবি জাননো হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তিনদিনের মধ্যে হত্যাকারিদের গ্রেপ্তার না করলে তারা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখকরে সরকারের সমালোচনা করে। হত্যাকান্ডের প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন তিনদিনের কর্মসূচি ঘোষণা করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্ণালিস্টস (আইএফজে) গৌতম দাসের হত্যাকারিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে তারা বাংলাদেশে অব্যাহত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) শনিবার এক বিবৃতিতে গৌতম হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হত্যাকারিদের বিচারের দাবি জানিয়েছে।
