ময়মনসিংহ, পটুয়াখালী, নওগাঁ ও পাবনায় সড়ক দুর্ঘটনা, নিহত ১১
ময়মনসিংহ, পটুয়াখালী, নওগাঁ ও পাবনায় শনিবার ও শুক্রবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকায় চারজন, পটুয়াখালীতে তিনজন, পাবনায় দু’জন ও নওগাঁয় একজন নিহত হয়।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জমিরদিয়ায় বাস ও টেম্পোর মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
নিহতরা হল হেলাল উদ্দিন(৩২), আমিনুল ইসলাম (২৫), কামাল উদ্দিন (২৭) ও আবুল কাশেম (৩০)। আহত পাঁচজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বিডিনিউজ পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ মহিলাসহ তিনজন নিহত ও ৩০ আহত হয়েছে। নিহতরা হচ্ছে ফাতেমা বেগম (৭০), শহীদ মোল্লা (৩০) ও ফজলুল হক মোল্লা (৩৫)। তাদের বাড়ি আমতলী উপজেলার গুলিশা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী আমতলী মহাসড়কের দক্ষিণ আউলিয়াপুর নামক স্থানে শনিবার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। কলাপাড়া থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামি এমএন পরিবহণের একটি বাস ( বড়গুনা জ-০৫-০০০১) একটি রিকশাকে চাপা দিলে রিকশা আরোহী দাদী ফাতেমা বেগম, নাতি শহীদ মোল্লা এবং ও রিকশা চালক ফজলুল হক মোল্লা ঘটনাস্থলে নিহত হয়। বাসের যাত্রীদের মধ্যে কমপক্ষে ৩০ জন আহত হয়।
দুর্ঘটনার পর জনতা গাড়ির পালক দুলাল খানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁ-সান্তাহার সড়কের ইয়াদ আলীর মোড়ে শনিবার সকাল পৌনে ৯টায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে রিকশা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় রিকশার চালক গুরুতর আহত হয়েছে।
নিহত রিকশা যাত্রীর নাম মোসলেম (৩৫)। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দু’জন নিহত এবং অপর দু’জন আহত হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে সাঁথিয়া-বেড়া মহাসড়কের হাটবাড়িয়া ব্রিজের কাছে একটি দ্রুতগামী ট্রাক একটি শ্যালো চালিত করিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দু’জন আহত হয়। নিহতের নাম খলিলুর রহমান। তিনি সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আহতরা হল নিহত চেয়ারম্যানের ছেলে রহিম ও করিমন চালক বাবুল। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শুক্রবার রাতে সুজানগর-চিনাখড়া সড়কের তেবিলা নামক স্থানে একটি টেম্পু এবং মহিষের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে টেম্পু চালক আরিফুর রহমান আরিফ ঘটনাস্থলেই নিহত হয়। নিহত আরিফ খুলনা জেলার পাইকগাছা গ্রামের ইউছুফ আলীর ছেলে।
