জেএমবি ক্যাডারের স্বীকারোক্তি: পরিকল্পনা অনুমোদন পেলে ঝালকাঠির আগেই পঞ্চগড়ে বিচারকদের হত্যা করা হতো
বিচারক হত্যার পরিকল্পনা অনুমোদিত হলে ঝালকাঠির আগেই জেএমবির সুইসাইড স্কোয়াড বোমা হামলা চালিয়ে পঞ্চগড়ে বিচারকদের হত্যা করতো। শনিবার এরকম চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে পঞ্চগড়ে গ্রেপ্তারকৃত এক জেএমবি ক্যাডার।
এক সময়ের ছাত্রশিবির কর্মী তানভীরুজ্জামান ওরফে সালমান ওরফে মুরাদ নামে ওই জেএমবি ক্যাডার আরও জানায়, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার দেড় মাস পর তাদের কাছে বিচারকদের হত্যা করার নির্দেশ আসে। আর এ নির্দেশ অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে সে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে অবস্থান করে। ইতোমধ্যে রমজান মাসে দু’দফা পঞ্চগড়ের জেলা ও দায়রা জজকে হত্যার পরিকল্পনা করে তার নেতৃস্থানীয়দের কাছে পাঠায়।
কিন্তু পুলিশি তৎপরতা ও নিরাপত্তা জোরদার থাকায় তাকে সেই পরিকল্পনা বাতিল করে নতুন পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার সকালেও ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারকৃত শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়াল ওরফে সামাদ ওরফে আশিক তার সঙ্গে বৈঠক করে দ্রুত বিচারক হত্যার পরিকল্পনা প্রণয়ন করতে নির্দেশ দেয় এবং বোমা তৈরির সরঞ্জাম দিয়ে চলে যায়।
পুলিশ জানায়, গত শুক্রবার ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তারকৃত শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়ালের স্বীকারোক্তি অনুযায়ী পঞ্চগড় থানা পুলিশ রাত আনুমানিক সাড়ে ৩টায় শহরের নুতনবস্তি এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই জেএমবি ক্যাডারসহ তিন জনকে গ্রেপ্তার করে। এরা হল-পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র তানভীরুজ্জামান ওরফে সালমান ওরফে মুরাদ (২১), নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি পণ্ডিতপাড়া গ্রামের ফজলুল হকের পুত্র আসজাদ হোসাইন ওরফে আওকাত (২৭) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জয়রামপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র শফিকুল ইসলাম (২৪)।
এসময় বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ টাইম ডিভাইস, ডেটনেটর, করটেক্স, চক পাউডার, জালে ব্যবহৃত লোহার কাঠি, ব্যাটারি, তার, সার্কিটসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে। এছাড়া তাদের কাছ থেকে প্রশিক্ষণ খাতা, জেহাদি বইপত্র, প্রশিক্ষণের পোষাক, ফোন নম্বর সম্বলিত নোট বুক ও একটি মোটর সাইকেল পাওয়া যায়। এদের মধ্যে আসজাদ ও শফিকুল গত দু’মাস ধরে ওই বাসায় ভাড়া ছিল। এরা দু’জন পুরাতন কাপড়ের ব্যবসা করতো। ঈদের দু’দিন পর মাসিক এক হাজার টাকায় থাকা খাওয়ার চুক্তিতে জেএমবি ক্যাডার তানভীর সেখানে ভড়াটিয়া হিসেবে অবস্থান নিয়ে গোপনে পঞ্চগড়ে জেএমবি’র কার্যক্রম চালিয়ে আসছিল।
ঘটনার পর পরই ঠাকুরগাঁয়ে অবস্থানরত পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. বাহারুল আলম পঞ্চগড় এসে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করেন।
পুলিশ সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় জঙ্গিরা তাদের কার্যক্রমে সফল হতে পারেনি। বর্তমানেও সতর্ক পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে সালমানকে গ্রেপ্তার ও তার বিচারকদের হত্যার স্বীকারোক্তির কথা ছড়িয়ে পড়ার পর আদালত অঙ্গণে বিচারক ও আইনজীবীদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর জানায়, ১৭ আগস্ট পঞ্চগড় জজকোর্টে যে বোমা হামলা হয়েছিল, তাতে সে সরাসরি অংশ নেয়। জজকোর্টের গেটে বোমা পেতে রেখে সে সাইকেলে গ্রামের বাড়ি চলে যায়। তবে সে হামলাকারী দলের অন্য সদস্যদের চেনে না বলে জানায়।
দেড়মাস পর জেএমবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ মানবরচিত আইনের পরিবর্তে ইসলামী আইন বাস্তবায়নের স্বার্থে পঞ্চগড়ে জেলা জজশিপের বিচারকদের হত্যা করার পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়। এর ভিত্তিতে সে গত রমজান মাসে জেলা ও দায়রা জজকে তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে এবং বাড়ি থেকে বের হওয়ার সময় গেটে বোমা মেরে হত্যার দু’দফা পরিকল্পনা করে জেএমবির অপারেশনাল স্কোয়াডে পাঠায়। কিন্তু তার পরিকল্পনায় পুলিশি প্রহরা, কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লে¬খ থাকায় সে দু’টি পরিকল্পনা বাতিল করে তাকে নতুন পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়। পরিকল্পনা অনুমোদন হলে সুইসাইড স্কোয়াডের সদস্যরা যে কোনও দিন সুযোগ বুঝে পঞ্চগড়ে এসে বোমা হামলা চালিয়ে বিচারক হত্যা করতো।
ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তারকৃত শায়খ আব্দুর রহমানের জামাতা আব্দুল আউয়াল ওরফে সামাদ ওরফে আশিক গত শুক্রবার (১৮ নভেম্বর) সকালেও তার সঙ্গে বৈঠক করে দ্রুত বিচারক হত্যার পরিকল্পনা প্রণয়ন করতে নির্দেশ দেয় এবং দু’টি প্যাকেট দিয়ে যায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্যাকেট খুলতে নিষেধ করে। পুলিশ এ দু’টি প্যাকেট থেকেই বোমা তৈরির সরঞ্জাম পেয়েছে।
তানভীর জানায়, প্রথম দিকে সে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবির করতো। তার ঘনিষ্ঠ বন্ধু আরেক শিবির কর্মী জামিলের মাধ্যমে দু’বছর আগে সে জেএমবিতে যোগদান করে। সে রংপুরের হারাগাছ এলাকার তিস্তার চরের একটি মসজিদে তাবলীগ জামায়াতের ছদ্মবেশে অস্ত্র পরিচালনাসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছে। সেসহ ৩০০জন জেএমবি সদস্য ওই প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণে একে ৪৭, নাইন এম এম, সিক্স শুটারসহ বিভিন্ন অস্ত্র চালনার ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া রাজশাহীর বাগমারায় বাংলাভাইয়ের নেতৃত্বে সর্বহারাবিরোধী অভিযানেও সে অংশ নিয়েছে বলে পুলিশকে জানায়। সেখানেই সে প্রথম বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানকে দেখেছে বলে জানায়।
তানভীর পুলিশি জিজ্ঞাসাবাদে আরও জানায়, দিনাজপুরে বসবাসরত এক জেএমবি ক্যাডার মোবাইল ফোনে তাকে বিভিন্ন সময় প্রয়োজনীয় নির্দেশনা দেয়। তার নির্দেশনাতেই শুক্রবার সকালে আব্দুল আউয়ালকে পঞ্চগড় বাস টার্মিনাল থেকে তার ভাড়াটিয়া বাসায় নিয়ে গিয়েছিল। দিনাজপুরের এই ক্যাডার জেএমবির পঞ্চগড় জেলার কমান্ডার।
