২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ফোনের বিরুদ্ধে ৩১ কোটি টাকার বকেয়া ভ্যাট আদায়ে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে এনবিআর

পুনরায় সময় বাড়ানোর আবেদন খারিজ করে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গ্রামীণ ফোনের কাছ থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং এর উপর আরোপিত সুদসহ ৩১ কোটি টাকা বকেয়া আদায়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নাম প্রকাশে অনিচ্ছুক রাজস্ব বোর্ডের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রামীণ ফোনকে পর্যাপ্ত সময় দেয়া হয়েছে, এখন আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।

তিনি বিডিনিউজকে আরও জানান, গত প্রায় ছয় মাসে তারা কয়েকটি চিঠির জবাবে সময় বাড়ানোর আবেদন ছাড়া আর কিছুই করেনি।

তবে গ্রামীণ ফোনের একজন নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।

দেশের শুল্ক ও কর আদায়ের একমাত্র প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড’র ‘বৃহৎ করদাতা ইউনিট’ (এলটিইউ) গত ৬ জুন গ্রামীণ ফোনের ৩০ কোটি ৯৭ লাখ টাকার বকেয়া ভ্যাট এবং সংশ্লিষ্ট সুদ জমা দেয়ার জন্য চিঠি দেয়।

রাজস্ব বোর্ডের দু’টি তদন্তে দেখা গেছে, ৩০ কোটি ৯৭ লাখ টাকার মধ্যে বকেয়া ভ্যাটের পরিমান ১৮ কোটি ৫৫ লাখ টাকা এবং শতকরা দুই ভাগ হারে সুদের পরিমান দাঁড়িয়েছে ১২ কোটি ৪২ লাখ টাকা। ১৯৯৭ সালে বাংলাদেশ রেলওয়ের অপটিক্যাল ফাইবার ব্যবহারের বিষয়ে গ্রামীণ ফোনের চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে তারা কোন ভ্যাট প্রদান করেনি।

রাজস্ব বোর্ডের ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি গ্রামীণ ফোনের তিন মাসের সময় বাড়ানোর আবেদন বাতিল করে দিয়ে আমরা তাদের চিঠি দিয়েছি। তিনি বলেন, গ্রামীণ ফোনকে আর সময় দেয়া হবে না। আমরা এ বিষয়ে শুনানির আয়োজন করব এবং পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করব।

শুল্ক আইন অনুযায়ী, সময়মত ভ্যাট পরিশোধ না করা এবং সরকারি আদেশ অমান্য করার অপরাধে গ্রামীণ ফোনকে ৭৫ কোটি টাকা জরিমানা এবং তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি সার্টিফিকেট মামলা দায়ের করা হতে পারে।

এনবিআর কর্মকর্তা জানান, গ্রামীণ ফোন ভ্যাট আইনের অনুচ্ছেদ ছয় এবং এর ২৩ ধারা লংঘন করে শাস্তিযোগ্য অপরাধ করেছে।

গ্রামীণ ফোনের তথ্য বিভাগের জেনারেল ম্যানেজার সৈয়দ ইয়ামিন বখতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রামীণ ফোনের ৩১ কোটি টাকা ভ্যাট পরিশোধের জন্য সময় বাড়ানোর আবেদন এনবিআর কর্তৃক খারিজ করে দেয়ার খবর তার জানা নেই।

তিনি বিডিনিউজকে বলেন, এনবিআর আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললেও তারা বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা চালিয়ে যাবেন।

জাতীয় রাজস্ব বোর্ড গ্রামীণ ফোনকে বকেয়া ভ্যাট এবং এর উপর আরোপিত সুদ পরিশোধের জন্য প্রথম চিঠি দেয় গত ৬ জুন এবং এরপর ২৭ জুন আরেকটি চিঠি দেয়া হয়। গ্রামীণ ফোন আগের চিঠিগুলোর জবাবে যা বলেছে, ৫ জুলাই একই ভাষায় একটি চিঠি দেয় রাজস্ব বোর্ড বরাবর।

আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এভাবে গ্রামীণ ফোন এবং জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে চিঠি চালাচালি হয় এবং সর্বশেষ চিঠিতে গ্রামীণ ফোন ভ্যাট পরিশোধের জন্য রাজস্ব বোর্ডের কাছে তিন মাসের সময় বাড়ানোর আবেদন জানায়।