মিডিয়া অধিকার রক্ষায় সরকারকে সতর্ক করে দিয়েছে আইএফজে
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) বিভিন্ন দেশের সরকারকে এই বলে সতর্ক করে দিয়েছে যে, যদি সরকার তার অভ্যন্তরীণ নীতিতে মিডিয়া ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা না করে, তবে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে তথ্য সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে না।
চলতি সপ্তাহে আইএফজে সাধারণ সম্পাদক আইডান হোয়াইট তিউনিসে জাতিসংঘ ইনফরমেশন সোসাইটির বিশ্ব শীর্ষ সম্মেলনে কূটনীতিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন।
সাংবাদিক ও মানবাধিকার সংস্থা’র প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে তিনি তিউনিসে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা এবং সাংবাদিক ও মানবাধিকার গ্রুপগুলোর প্রতিনিধিদের বাধা প্রদানের বিষয়টির তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, শুধু মঞ্চে এসে কথাবার্তা বললেই হবে না, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে সকলের উন্নয়নের জন্য একটি তথ্য সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, যেখানে জনগণ স্বাধীন মত প্রকাশের অধিকার চাইছে, সেখানে যদি আমরা সিভিল কর্তৃপক্ষ ও জনগণের মধ্যে বিরাজমান সংস্কৃতি পরিবর্তন করতে সক্ষম না হই, তবে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।
তিনি জানান, স্বাধীন মত ও মুক্ত সম্পাদকীয় প্রকাশের ক্ষেত্রে সরকারের বাধা প্রদানের উদাহরণ ভুরিভুরি। বহু সরকার রয়েছে, যারা জনসাধারণের অধিকার রক্ষায় সতর্ক নয় এবং মিডিয়া ও সাংবাদিকদের কাছে তথ্য প্রদান করতে ব্যাপক অনীহা প্রকাশ করে। এতে অবাধ তথ্য প্রদানে মিডিয়ার যে দায়বদ্ধতা রয়েছে, তা ক্ষতিগ্রস্ত হয়।
তিনি জানান, সরকারের অভ্যন্তরীণ নীতি ও সহযোগিতা ছাড়া মিডিয়ার পক্ষে জনগণকে সঠিক তথ্য প্রদান সম্ভব নয়।
তিনি জানান, শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার জন্য ন্যুনতম শর্ত হচ্ছে, একটি অবাধ ইনফরমেশন সোসাইটি গঠন।
