২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান প্রতিমন্ত্রী মীর নাছিরের পদত্যাগ

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সরকারি সূত্র বিডিনিউজকে নিশ্চিত করেছেন যে, মীর নাসির রাত ৯টার দিকে তার পদত্যাগপত্র দাখিল করেন। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন বলে পত্রে উল্লেখ করা হয়।

বিডিনিউজের পক্ষ থেকে মীর নাসির উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। পরে তিনি মোবাইল বন্ধ করে দেন।

তবে সূত্র জানায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর বিতর্ক সৃষ্টি হলেও তিনি তার পদে এতদিন বহাল ছিলেন। কিন্তু এবার হজ্ব যাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যায় ছিলেন।

এবার বাংলাদেশ বিমান ব্যালটি হাজিদের সৌদি আরব নিয়ে যাওয়ার জন্যে ৯৫০ মার্কিন ডলার ভাড়া নির্ধারণ করে। অপরদিকে বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের সাথে কয়েক দফা বৈঠকের পর বিদেশী এয়ারলাইন্সগুলো ননব্যালটি হাজ্বীদের ১,১৫০ ডলার ভাড়ায় সৌদি নিয়ে যেতে সম্মত হয়।

কিন্তু ননব্যালটি হাজ্বীদের বিমান ভাড়া নির্ধারণের বিষয়টিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং সমালোচনার ঝড় ওঠে।

সচিবালয় কার্যালয়ে প্রতিমন্ত্রী বিদেশি এয়ারলাইন্স এর প্রতিনিধিদের সাথে বৈঠক করে উল্লেখিত ভাড়ায় হজযাত্রী পাঠানোর ব্যাপারে রাজি করান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে পাঠানো হয়। প্রধানমন্ত্রী তার কাছে হজ ফ্লাইট নিয়ে ঝামেলার আদ্যোপান্ত জানতে চান।

পরে সন্ধ্যায় মীর নাছির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর ৫০ হাজার নন ব্যালটি হজ যাত্রী হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ব্যালটি হজযাত্রী রয়েছেন ২ হাজার ৬ শ’ জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যালটি ও ননব্যালটি মিলিয়ে মোট ১৮ হাজার হজযাত্রী বহন করতে পারবে। বৈঠক সূত্র জানায়, পাঁচটি বিদেশী এয়ারলাইন্স বহন করবে আট হাজার হজযাত্রী। বাকিদের বহন করবে সৌদি এয়ারলাইন্স।

এসব এয়ারলাইন্স-এর পক্ষ থেকে জনপ্রতি ১১৫০ ডলার করে টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে সৌদি এয়ারলাইন্স সিদ্ধান্ত নিয়েছিলো এবছর তারা বাংলাদেশ থেকে কোন হজযাত্রী পরিবহন করবে না।

সংশ্লিষ্ট সুত্রসমূহ জানায়, সরকারের নির্ধারিত হারে হজযাত্রী পরিবহনে বিদেশি এয়ারলাইন্সগুলোকে রাজি করাতে পদত্যাগী প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন।