২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও ডিআইজি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি

আগামী ১২ দিনের মধ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সদস্যদের মুক্তি দেওয়া না হলে কারাগার এবং জেলার ডিআইজি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত জেএমবি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

কম্পিউটার কম্পোজ করা পৃথক দু’টি চিঠিতে বৃহস্পতিবার এ হুমকি দেওয়া হয়েছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন) ও জেল সুপারের বরাবরে চিঠি পাঠানো হয়।

কারা প্রশাসন চিঠির ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে অবহিত করেছে।

চিঠিতে জেএমবি উল্লেখ করেছে, ২০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে আটক জেএমবি সদস্যদের মুক্তি দিতে হবে। চিঠিতে আরও বলা হয়, জেএমবি সদস্যরা বর্তমানে কারাগারের কাছাকাছি অবস্থান করছে। ফলে কারাগার উড়িয়ে দেওয়া তাদের কাছে সহজ বিষয়।

এ চিঠি পাওয়ার পর কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে র‌্যাব-৫ এর দু’টি দল পৃথক অভিযান চালিয়ে জেলার চারঘাট এবং পুঠিয়া থানা এলাকা থেকে সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব দল চারঘাট এবং পুঠিয়া এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে সাদ্দাক আলী (২৮) এবং রাকিবুল ফেরদৌস (৩৯)কে গ্রেপ্তার করে।

অপর অভিযানে র‌্যাব সদস্যরা জামিয়া গ্রামে অভিযান চালিয়ে মনসুরুল হক মন্টু (৩৮) নামে একজনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে।