‘একমুখী শিক্ষা ব্যবস্থা জাতির জন্যে মহা অকল্যাণ ডেকে আনবে’
মাধ্যমিক স্তরে একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর প্রস্তাবকে প্রতারণামূলক বলে অভিহিত করে দেশের শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবিরা বলেছেন এ ব্যবস্থা জাতির জন্যে মহা অকল্যাণ ডেকে আনবে।
জাতীয় প্রেসক্লাবে মাধ্যমিক স্তরে ‘একমুখী শিক্ষা’ প্রসঙ্গ-বাস্তবতা ও জাতীয় স্বার্থ বিষয়ক গোলটেবিল বৈঠকে বৃহষ্পতিবার বক্তারা এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষার প্রসার সংকুচিত করে শিক্ষাক্ষেত্রে আধুনিক ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গীর পরিবর্তে রক্ষণশীল, পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গি জাতির জন্যে মহা অকল্যাণ ডেকে আনবে।
তারা বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুুগে দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর প্রস্তাবনা জাতির জন্যে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, পরিবর্তন করতে হলে আগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত।
বক্তারা বলেন, বিজ্ঞান, মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষাকে একত্রীভুত করে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করলে তা হবে একটি ভারাক্রান্ত শিক্ষাক্রম। এর ফলে শিক্ষার মান হবে আরো নিম্নগামী। গ্রাম, শহর, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সূযোগের বর্তমান বৈষম্য শতগু বৃদ্ধি পাবে। শিক্ষা হবে সংকোচনমূলক, দরিদ্র ও স্বল্পবিত্ত মানুষের নাগালের বাইরে।
গোলটেবিলে বক্তারা একমুখী শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়ে বলেন, সরকার হঠকারী এ সিদ্ধান্ত থেকে বিরত না হলে জাতীয় স্বার্থে সমবেত প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।
গোলটেবিলে বৈঠকে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান সাইফুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী ফারুখ আহমেদ প্রমুখ।
