বিদেশী এয়ারলাইন্সগুলো ১,১৫০ ডলারে নন-ব্যালটি হজ্বযাত্রী পরিবহন করবে
দফায় দফায় বৈঠকের পর বিদেশী এয়ারলাইন্সগুলো ১,১৫০ ডলার ভাড়ায় নন-ব্যালটি হজ্বযাত্রী পরিবহনে সম্মত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সাথে সচিবালয়ের কার্যালয়ে বৃহস্পতিবার এক বৈঠকে বিদেশি এয়ালাইন্সগুলোর প্রতিনিধিরা এ ব্যাপারে সম্মত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন-সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার এবং পাকিস্তান ইন্টারন্যাশণাল এয়ারলাইন্সের (পিআইএ) প্রতিনিধিরা।
এসময় মন্ত্রীর অনুরোধে ওই ছয়টি এয়ারলাইন্স নন-ব্যালটি হজ্বযাত্রী পরিবহনে সরকারের বেঁধে দেওয়া ভাড়ায় হজ্বযাত্রী পরিবহনে সম্মত হয়।
ধর্মমন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবছর প্রায় ৫০ হাজার নন-ব্যালটির হজ্ব করার কথা। ব্যালটি হজ্বযাত্রীর সংখ্যা ২ হাজার ৬শ’। এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যালটি ও নন-ব্যালটি ১৮ হাজার হজ্বযাত্রী পরিবহন করবে।
বিদেশী পাঁচটি এয়ারলাইন্স আট হাজার এবং অন্যদের সৌদি এয়ারলাইন্স পরিবহন করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
আজ থেকে সকল এয়ারলাইন্স ১,১৫০ ডলারে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে। এর আগে সৌদি এয়ারলাইন্স এ বছর বাংলাদেশী হজ্বযাত্রী পরিবহন না করার সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান প্রতিমন্ত্রীর কূটনৈতিক প্রচেষ্টায় সৌদি এয়ারলাইন্সসহ অন্যদের এ ব্যাপারে রাজি করানো হয়েছে।
