২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় অতিথি পাখি আসছে না

জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন স্থানে অতিথি পাখি আসা শুরু করলেও ঢাকা চিড়িয়াখানা লেকে এখনও পাখি আসছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মিরপুর-আশুলিয়া সড়কের ব্যস্ততা, মাছ ধরার চন্যে টং তৈরি এবং লেকের কচুরিপানা তুলে ফেলার কারণে চিড়িয়াখানা লেক পাখিদের আকর্ষণ করতে পারছে না বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছে।

বার্ডফ্লু সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ লেকের সকল কচুরিপানা তুলে ফেলে। একই সঙ্গে এখানে যাতে পাখিরা আস্তানা গড়তে না পারে, সেজন্যে নেয়া আরো বিভিন্ন ব্যবস্থার কারণেই পাখিরা আসছে না বলে জানা গেছে।

বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে গত বছর থাইল্যান্ডের ব্যংকক চিড়িয়াখানায় ১৫টি বাঘের মৃত্যু হয়। এ কারণেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বাড়তি সর্তকতা গ্রহণ করে। এর প্রভাবে যে একেবারেই অতিথি পাখি আসবে না, তা ভাবেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানার কিউরেটর ডা. মফিজুর রহমান বলেন, পাখি না আসায় আমরাও বিস্মিত হয়েছি। মানুষের কোলাহল, গাড়ির শব্দ এবং কচুরিপানা না থাকার কারণেই সম্ভবত পাখি আসছে না। তিনি বলেন, মৌসুমের এখন কেবল শুরু। হয়তো শীত পড়লেই আসবে।

জানা গেছে, চিড়িয়াখানা লেকে পাখি না আসলেও পার্শ্ববর্তী সিরামিকস লেক ও তুরাগ নদীতে অতিথি পাখি এসেছে। তবে সবচেয়ে বেশি এসেছে জাহাঙ্গীরনগর লেকে।