২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের রোহিঙ্গারা বাংলাদেশী পরিচয়ে পাড়ি জমাচ্ছে বিদেশে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী অবৈধ রোহিঙ্গারা বাংলাদেশী পরিচয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 01:14 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা টাকার বিনিময়ে তাদের জাতীয়তা সনদ দিয়ে বিদেশে পাড়ি জমাতে সহযোগিতা করছেন। এতে বর্হিবিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি বাংলাদেশী নাগরিকরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে।

জানা গেছে, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বিভিন্ন এলাকার নাগরিকরা ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ভিসা প্রাপ্তিতে নানা জটিলতার মুখোমুখি হওয়ায় তারা প্রথমে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে।

পরে তারা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অসাধু কিছু ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় বাংলাদেশী নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করে।

এরপর রোহিঙ্গারা বাংলাদেশী নাগরিক হিসাবে পাসপোর্ট ও ভিসা নিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমায়।

জানা গেছে, মিয়ানমার থেকে বিদেশে যাওয়ার কোনও সুযোগ না থাকায় বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা মুসলিমরাই বিদেশে পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশকে বেছে নেয়।

মধ্যপ্রাচ্যসহ ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী কক্সবাজারের একাধিক প্রবাসী বিডিনিউজকে জানায়, বাংলাদেশী পরিচয়ে বিদেশে যাওয়া অধিকাংশ মিয়ানমারের লোকজন বিভিন্ন দেশে গিয়ে নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যেই তারা বাংলাদেশী পরিচয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায়।

সীমান্তরক্ষী বিডিআরের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, গত তিন মাসে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশী পাসপোর্টে বিভিন্ন দেশে গমন করেছে। অভিযোগ আছে, বাংলাদেশের সীমান্তরক্ষীরা টাকার বিনিময়ে এসব রোহিঙ্গাকে এদেশে অনুপ্রবেশের সুযোগ করে দেয়।

এসব রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার জেলার রামু, উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের হাত করে নাগরিকত্বের সনদ আদায় করে। এরপর ভিসা নিয়ে খুব সহজেই তারা বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমায়।

স্থানীয় অধিবাসীদের মতে, এভাবেই দিনের পর দিন রোহিঙ্গারা বাংলাদেশী পরিচয়ের সুযোগ গ্রহণ করে বিদেশে পাড়ি জমাচ্ছে। যা আমাদের দেশের সম্মান ও মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করছে।