‘আবারো হামলা হলে সংবিধানের বিচার বিভাগ পর্বটি মুছে ফেলা হবে’
আবারো বিচারকের ওপর হামলা হলে ঢাকার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকরা সংবিধানের বিচার বিভাগ সংক্রান্ত পর্বটি মুছে ফেলার হুমকি দিয়েছেন।
বুধবার ঢাকা জজ আদালতের বিচারকদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার উপস্থিতিতে এ হুমকি দেওয়া হয়। জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ওই সভায় বিচারকদের নিরাপত্তাসহ সংগঠনের বিভিন্ন দাবি মেনে নেওয়ার জানানো হয়।
ব্যারিস্টার নাজমুল হুদা বিচারকদের দাবি পূরণ করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাসচিব রেজাউল করিম খান চুন্নু, ঢাকার ডিসি আব্দুল বারী, সিএমএম জালাল আহমেদ, মহানগর দায়রা জজ মোঃ মোমিনউল্লাহ, জজ আদালতের পিপি মহসীন মিয়া, ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
সভায় সকল বিচারকের জন্য অভিন্ন আবাসিক ক্যাম্পাস স্থাপন, যানবাহনের ব্যবস্থা ও নিরাপত্তা রক্ষী প্রদান, চলাচলের পথে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ইত্যাদি দাবি উপস্থাপন করা হয়।
মহাসচিব রেজাউল করিম খান চুন্নু বলেন, ১৭ আগস্টের ঘটনার পর বিচারকদের নিরাপত্তার জন্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বোমাবাজরা নিজেদের রাজনৈতিক দলের কর্মী বলে দাবি করলেও সরকার বিরোধী দলের সাথে এ ব্যাপারে এক টেবিলে বসতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিচারকদের রাজনীতির বাইরে রাখুন। শুধু গানম্যান দিয়ে নিরাপত্তা নিচ্ছিদ্র হবে না।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, সরকার এসব হামলার ঘটনা তদন্ত করে দেখছে। জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। অনেক ঘটনার রহস্যও বের হচ্ছে। এসব ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
