জ্ঞান সোহাগী শান্তি পুরস্কার-২০০৫ পেয়েছেন টাঙ্গাইলের মাজেদা বেগম
জ্ঞান সোহাগী আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০০৫ পেয়েছেন টাঙ্গাইলের মাজেদা বেগম। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে মঙ্গলবার আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে জ্ঞান সোহাগী স্মৃতি ট্রাস্ট ফান্ডের পক্ষ থেকে মাজেদা বেগমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের অর্থমান ১০ হাজার টাকা।
ভূমিহীন মাজেদা এলাকার নারীদের সামাজিকভাবে সচেতন করে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। আর এরই স্বীকৃতিস্বরূপ ট্রাস্ট এ বছরের পুরস্কারের জন্য মাজেদাকেই বেছে নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত আউদ লিসে নরহেইম বিশেষ বক্তব্য রাখেন।
