আইনজীবীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের সালিশ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১৬-১৭ নভেম্বর
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ব্যবস্থাপনায় ছয়টি বিভাগীয় হেডকোয়ার্টারে আইনজীবীদের জন্য মধ্যস্থতা বা সালিশ নিষ্পত্তি (বিরোধ মীমাংসার বিকল্প ব্যবস্থা) বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের অংশ হিসেবে তৃতীয় কর্মশালাটি ১৬-১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।
ফুলার রোডে অবস্থিত ঢাকা ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এ ধরনের দু’টি কর্মশালা অনুষ্ঠিত হয়।
দু’দিনের কর্মশালায় ঢাকা, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, জামালপুর, নেত্রকোণা, শরীয়তপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী বার সমিতির ত্রিশজনেরও বেশি আইনজীবী অংশ নেবেন।
ঢাকা জেলা জজ এ কর্মশালার উদ্বোধন করবেন। সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি কে এম হাসান এবং সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আনোয়ারুল হক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
