সার্ক এখন সবরকম প্রতিবন্ধকতা থেকে মুক্ত: মোরশেদ খান
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেছেন, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলনের মধ্যদিয়ে সার্কের সকল বাধার অপসারিত হয়েছে। এখন থেকে দক্ষিণ এশিয়ার জনগণ সার্কের সুফল ভোগ করতে পারবে।
শীর্ষ সম্মেলন শেষ হওয়ার একদিন পর সোমবার পররাষ্ট্রমন্ত্রলয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সার্ক যে কিছুই করেনি তেমন নয়। এখন থেকে সার্কের সকল দরজা খুলে গেছে এবং সকল বাধা অপসারিত হয়েছে। এখন থেকে জনগণ সার্কের সুফল ভোগ করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
আফগানিস্তানকে সার্কভুক্ত করার ব্যাপারে তিনি বলেন, চীন ও জাপানসহ আমরা প্রায় আড়াইশ কোটি লোকের কথা বলছি। চিন ও জাপানকে সার্কের পর্যবেক্ষক হওয়ার ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। চীন ও জাপান সার্কের উন্নয়নের ঘনিষ্ট অংশীদার হলে বিশ্বের জিডিপি’র একটা বড় অংশ আমাদের হয়ে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন ও জাপানকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার ব্যাপারে সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে যাবতীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।
তিনি বলেন, ডায়লগ পার্টনার হতে হলে তাদের কিছু বিষয়ে ছাড় দিতে হবে।
সাফটা বাস্তবায়নের ব্যাপারে মোরশেদ খান বলেন, সম্মেলন চলাকালে যাবতীয় প্রযোজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সাফটা বাস্তবায়নে সার্ক নেতাদের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতেই তা করা হয়েছে।
সার্ক সেক্রেটারিয়েট পুনর্গঠন ও জোরদারের ব্যাপারে তিনি বলেন, সাতটি দেশ থেকে সাতজন সদস্য নির্বাচন করা হবে এবং তারা একটি রিপোর্ট প্রণয়ন করে সার্ক স্ট্যান্ডিং কমিটির কাছে হস্তান্তর করবেন।
সার্কের তহবিলের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিন মাসের মধ্যে সার্কের অর্থমন্ত্রীরা বৈঠকে বসবেন এবং তিনশ’ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেনে। এছাড়া জাপান, ইইউ, ইউএনডিপি এবং এডিবি সার্কের কর্মকাণ্ডে অংশ নেবে বলেও তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সার্ক সম্মেলন অনুষ্ঠানের ক্ষেত্রে সহযোগিতা করায় জনগণকে ধন্যবাদ জানান।
সফল সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিশ্রাম তো নয়ই বরং এখন তার দায়িত্ব আরও বেড়েছে। সার্কের চেয়ার হওয়ায় এখন বাংলাদেশের দায়িত্ব আরও বেশি বলে তিনি জানান।
