২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় ঝালকাঠি আদালতের ২ সিনিয়র সহকারী জজ নিহত

ঝালকাঠিতে সোমবার সকালে বোমা হামলায় জেলা আদালতের দু’জন সিনিয়র সহকারি জজকে হত্যার মধ্য দিয়ে ইসলামী জঙ্গিরা আবারও দেশের বিচার বিভাগের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আদালতের এক কর্মচারি ছাড়াও অপর এক পথচারি এবং সন্দেহভাজন এক হামলাকারী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মামুন নামে সন্দেহভাজন ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সকল প্রকার সন্ত্রাস মোকাবেলার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীতে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন সমাপ্ত হওয়ার একদিন পরই বোমা হামলার এ ঘটনা ঘটে।

নিহত বিচারকরা হলেন-নলছিটি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সোহেল আহমেদ (৩৫) এবং ঝালকাঠি সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত জগন্নাথ পাঁড়ে (৩৮)।

দুই বিচারক নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ-সমাবেশ, মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্নস্থানে বিচারকদের আদালত বর্জনের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) ২১ নভেম্বরের মধ্যে বিচারকদের নিরাপত্তা ও ঝালকাঠিতে নিহত বিচারকদের পরিবারকে ক্ষতিপূরণ না দিলে সারা দেশে আদালত বর্জনের হুমকি দিয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ছাড়াও দেশজুড়ে বিভিন্ন আদালতের বিচারকরা আদালত বর্জন করেছেন।

হামলার কয়েক ঘন্টার মধ্যেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ঝালকাঠিতে পৌঁছেন। তারা ন্যাক্কারজনক বলে অভিহিত করে এ হামলার জন্যে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)কে দায়ী করেন।

পুলিশের হাতে আটক সন্দেহভাজন বোমা হামলাকারী মামুনের কাছ থেকে একটি তাজা বোমা ও নিষিদ্ধ ঘোষিত জেএমবির লিফলেট উদ্ধার করা হয়। মামুন জানিয়েছে, তার বাড়ি রাজশাহী, সে জেএমবির সদস্য এবং তার নেতা ও আধ্যাত্মিক ‘গুরু’ শায়খ আবদুর রহমান।

সরকার এর আগে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পরিকল্পনাকারী আব্দুর রহমান ও বাংলাভাই উভয়কে ধরিয়ে দেয়ার জন্যে মাথাপিছু ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। তারা দেশের আদালত ও প্রশাসনিক ভবনকে তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গত অক্টোবরে চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরেও আদালতে বোমা হামলা চালানো হয়।

হামলাকারী মামুনকে চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে আসা হয় এবং গোয়েন্দা বিভাগ রাজশাহীতে তার বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

মামুন রাজশাহী মসজিদ মিশন একাডেমিতে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে বিচারকরা আদালতে যাওয়ার জন্যে শহরের চাঁদকাঠির জজ কলোনির বাসভবন থেকে বেরিয়ে যখন তারা গাড়িতে অপর সহকর্মীর জন্যে অপেক্ষা করছিলেন, তখন প্রচণ্ড শব্দে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে সোহেল আহমেদ ঘটনাস্থলেই নিহত হন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জগন্নাথ পাঁড়ে মারা যান।

নিহত জগন্নাথ পাঁড়ের অফিস সহকারী ঘটনার প্রত্যক্ষদর্শী মজিবর বিডিনিউজকে জানান, বিস্ফোরণের প্রায় সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং রাস্তার পাশে ড্রেনে জগন্নাথ পাঁড়ের খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। এসময় সোহেল আহমেদের দেহ গাড়িতে পড়ে থাকতে দেখা যায়।

সোহেল আহমেদের বাড়ি ভোলা এবং জগন্নাথ পাঁড়ের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটায়। তারা উভয়েই আইন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করে বিচার বিভাগে যোগ দেন। উভয়েরই আড়াই/তিন বছর বয়েসী একটি করে পুত্র সন্তান রয়েছে।

আহতদের মধ্যে ঝালকাঠি জজ আদালতের চতুর্থ শ্রেণীর কর্মচারি আব্দুল মান্নান হাওলাদার (৪৫) এবং পথচারি বাদশা মিয়াকে (৩৫) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের সময় আহত হামলাকারী মামুনকে প্রথমে চিকিৎসার জন্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

বিস্ফোরণে বিচারকদের বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়ির একটি অংশ পাওয়া যায় পাশের গাছের ওপর। গাছের ওপর নিহতদের শরীরের বিভিন্ন অংশও দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের এক কর্মকর্তা জানান, এমনিতে ওই এলাকা সবসময় শান্ত থাকতো। তবে তিনি অভিযোগ করেন, ১৭ আগস্ট ও অক্টোবরের হামলার পরও ওই এলাকায় বিচারকদের জন্যে অতিরিক্ত কোনও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার পর জেলা সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় মানুষের মাঝে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে।

এমন নিদারুণ ঘটনায় স্বজন-হারানোদের সান্ত¡না দেওয়ার ভাষা কারো জানা থাকে না। তাদের পক্ষেও সৌজন্য রক্ষা করে আচরণ করা সম্ভব হয় না। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে জগন্নাথ পাঁড়ের শ্বশুর বাড়িতে পরিবার সদস্যদের সান্ত¡না দিতে গেলে সেখানে উপস্থিতরা তাদের প্রতি রূঢ় ভাষা ব্যবহার করে এবং তাদের লাঞ্ছিত করে। মন্ত্রীদ্বয় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগ, জাসদ ও জামাত-ই-ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে।

তপন কুমার রায় কালো ব্যাজধারণকারী আইনজীবীদের সভায় সভাপতিত্ব করেন। এসময় আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্যে আদালতবর্জন কর্মসূচির ঘোষণা দেন। সভায় অন্যান্যের মধ্যে শাহজাহান আশরাফ, জিকে মোস্তাফিজুর রহমান, এমএ জলিল ও আলম খান কামাল বক্তৃতা করেন।