২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক নিরাপত্তার কারণে ঢাকায় যানবাহন সংকট, যাত্রীদের দুর্ভোগ

রোববার বিকেলে সার্ক সম্মেলন শেষ হলেও সোমবার দুপুর পর্যন্ত ঢাকাবাসীর দুর্ভোগ অব্যাহত থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 04:03 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তবে দুপুরের পর থেকেই ঢাকা আবারো স্বরূপে আবির্ভূত হয়। তবে সড়কে যানজট ছিল তুলনামূলকভাবে কম। মঙ্গলবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে নগরবাসী ধারণা করছে।

সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্ধ করে রাখে। এর বাইরেও ছিল যানবাহনের সংকট। এতে অফিসসহ বিভিন্ন কাজে যাতায়াতের জন্যে ঢাকাবাসীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন এলাকার রাস্তায় হাজার হাজার মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শ্রীলংকা ও মালদ্বীপের রাষ্ট্রপতি এবং ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার পর রোববার রাতেই কিছু কিছু এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়। ওইসব এলাকা থেকে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হয়।

সর্বশেষ সোমবার দুপুরে নেপালের রাজা ও ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগের পর ঢাকার অধিকাংশ রাস্তাতেই নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়। এতে পর্যাপ্ত যানবাহন চলাচল শুরু হয়। সোমবার রাতের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি শিথিল হলে মঙ্গলবার থেকে ঢাকা আগের রূপে ফিরে আসতে পারে।

সোমবার সকালে কোনও ঘোষণা ছাড়াই পুলিশসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা ঢাকার গুরুত্বপূর্ণ মিরপুর-ফার্মগেট সড়কের আগারগাঁও থেকে বন্ধ করে দেয়। ফলে ওই রুটে যাত্রীবাহী বাসের সংখ্যাও কমে যায়। এছাড়া শাহবাগ থেকে ফার্মগেট ও মহাখালি হয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক প্রায় দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকে।

এসব সড়ক মাঝে মাঝে ছেড়ে দেওয়া হলেও তা কখনও ১০ থেকে ১৫ মিনিটের বেশি ছিল না বলে ভুক্তভোগী যাত্রী জহিরুল ইসলাম জানান। তিনি জানান, নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব সড়ক সরকারি কার্যদিবসে বন্ধ থাকায় অন্যান্য সড়কগুলোতে যানবাহনের চাপ সৃষ্টি হয়। একইভাবে এসব বন্ধ সড়কের সাথে সংশ্লিষ্ট সড়কগুলোতে বাসসহ ভারী যানবাহনের সংখ্যা কম থাকলেও যাত্রী ছিল প্রচুর।

ফলে পরিবহন সংকটে পড়তে হয় কর্মস্থলমুখী মানুষকে। তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। ঢাকার অধিকাংশ রাস্তাতেই হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগের কবলে পড়তে হয়। যাত্রীদের রিকশা অথবা অন্য যানবাহনের ওপর নির্ভর করে গন্তব্যে পৌঁছতে হয়। এজন্যে তাদের বাড়তি টাকাও গুণতে হয়। অনেক ক্ষেত্রে যাত্রীদের দেড়গুণ বা দ্বিগুণ ভাড়া দিয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছতে হয় বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

তবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভিভিআইপি অতিথিদের নিরাপত্তার স্বার্থেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশেই এ ব্যবস্থা নিয়েছেন। এতে তাদের কিছু করণীয় নেই।