বন্য হাতির তাণ্ডবে অসহায় শেরপুরের সীমান্তবর্তী ৩ উপজেলার মানুষ: ৫ বছরে ৩৩ জনের মৃত্যু
শেরপুর সীমান্তবর্তী এলাকার প্রায় দুই লাখ মানুষ বন্য হাতির তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে।
জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদী এ তিন উপজেলার ৪৪ কিলোমিটার সীমান্তবর্তী গারোপাহাড় এলাকায় এসব বন্য হাতি হানা দেয় যখন তখন।
এ বছর শীত মৌসুমের আগেই প্রায় শতাধিক হাতির একাধিক দল পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে গত তিন সপ্তাহ ধরে ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া, গান্ধিগাঁও, ছোট গজনী, বড়গজনী, নওকুচি, ছোট রাংটিয়া, বড় রাংটিয়া, সন্ধাকুড়া, হলদীগ্রাম, গারোকোনা প্রভৃতি গ্রামের হাজার হাজার একর জমির পাকা ধান খেয়ে সাবাড় করেছে।
স্থানীয়রা জানান, বন্য হাতির দল পাহাড়ি এলাকার মাঠের পর মাঠ পাকা আমন ফসল খেয়ে এবং পায়ে মাড়িয়ে বিনষ্ট করছে। এর ফলে অসহায় কৃষকরা সর্বশান্ত হয়ে পড়ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষকরা রাতভর মশাল জ্বালিয়ে টিন পিটিয়ে হাতি তাড়াতে চেষ্টা করেও পারছে না তাদের ফসল রক্ষা করতে।
স্থানীয় কৃষকরা জানান, আমনের বাম্পার ফলনের জন্য তারা ব্যাংক ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছিলো। আবাদও ভাল হয়েছিল। কিন্তু বন্য হাতির দল তাদের সবকিছু শেষ করে দিচ্ছে।
কিন্তু বর্তমানে কৃষকরা কিভাবে ব্যাংক এবং মহাজনদের ঋণ শোধ করবে তা নিয়ে বিপাকে পড়েছে।
স্থানীয়রা বিডিনিউজকে জানান, শীত মৌসুমে ক্ষেতের ফসল শেষ হয়ে গেলে হাতির দল আক্রমণ করে বাড়ি-ঘরে। খাবারের সন্ধানে ভেঙ্গে তছনছ করে বাড়ি-ঘর ও গাছপালা।
চলতি বছরের ১১ নভেম্বর ঝিনাইগাতির হলদিগ্রামে তিনজন নিহত হয়েছে। এছাড়া গত পাঁচ বছরে বন্য হাতির হামলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আহত হয়েছে প্রায় তিন শতাধিক মানুষ।
অপরদিকে গত দুই বছরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও কূপের মধ্যে পড়ে চারটি হাতি মারা গেছে।
বর্তমানে শেরপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে বন্য হাতির দল অবস্থান করায় গ্রামবাসী উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
এলাকাবাসী অভিযোগে জানান, প্রতি বছরই পাহাড়ি এলাকার জনগণ বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও সরকারিভাবে এখানে কয়েকটি জেনারেটর এবং জ্বালানি তেলের অর্থ বিতরণ করা ছাড়া স্থায়ীভাবে এ সমস্যা সমাধানের কোন পদক্ষেপ নেয়নি।
