২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া পাকিস্তানিদের বিষয়টি ‘জটিল’, মানবতার দৃষ্টিকোণ থেকে ব্যবস্থা নেয়া উচিত : শওকত আজিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি ইস্যুটিকে জটিল হিসেবে উল্লেখ করে বলেছেন, বিষয়টি মানবতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

রোববার বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকবৃন্দের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে তিনি বলেন, বর্তমানে যারা বাংলাদেশে রয়েছেন তাদের অনেকেই দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের। বিষয়টি এখন খুবই জটিল এবং এর সমাধানে মানবিকতার দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে হবে।

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দ্বি-পাক্ষিক আলোচনায় বিষয়টি উত্থাপিত হয়নি বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

প্রাতঃরাশ বৈঠকে সম্পাদকদের একজন বিষয়টি উত্থাপন করলে শওকত আজিজ বলেন, বাংলাদেশের সাথে আলোচনাকালে আমি এ বিষয়ে কোনও কথা বলিনি।

বর্তমানে বাংলাদেশে ৬২ টি ক্যাম্পে হাজার হাজার আটকে পড়া পাকিস্তানি মানবেতর জীবন-যাপন করছে।

বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক প্রসঙ্গে শওকত আজিজ জানান, আলোচনা প্রধানত বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে হয়েছে। দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিভাবে আরো জোরদার করা যায় সে বিষয়টিই প্রাধ্যন্য পেয়েছে।

প্রাতঃরাশ বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মূলত পাক-ভারত সম্পর্কের ইস্যু নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে কোনও সুরাহা না হলে পাকিস্তান সুস্পষ্টভাবেই ভারতের সাথে মুক্ত বাণিজ্যিক সম্পর্কে জড়াবে না।

ভারতের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক প্রসঙ্গে তিনি জানান, মুক্ত বাণিজ্য, বেসামরিকায়ন, সমন্বিত সংলাপ প্রক্রিয়া, পাকিস্তান-ভারত-ইরান গ্যাস পাইপ লাইন প্রকল্পসহ বিস্তারিত বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সাথে আলোচনার প্রসঙ্গ টেনে শওকত আজিজ বলেন, বিশ মিনিট স্থায়ী এ বৈঠকে উল্লেখিত বিষয়গুলো নিয়ে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে।

একজন সম্পাদকের আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন প্রসঙ্গে প্রশ্ন করলে শওকত আজিজ সহাস্যে বলেন, “কেউ জাননে সে কোথায় আসে এবং সে বেঁচে আছে কি না।”