২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বোমা হামলায় ২ জন সিনিয়র সহকারি জজ নিহত

ঝালকাঠিতে সোমবার সকালে বোমা হামলায় জেলা আদালতের দুইজন সিনিয়র সহকারি জজ নিহত হয়েছেন। এ ঘটনায় আদালতের এক কর্মচারি ছাড়াও অপর দুই পথচারি আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 11:47 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

নিহত বিচারকদের নাম সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে। তাদের উভয়েরই বয়স ত্রিশোর্ধ্ব।

সন্ত্রাস মোকাবেলার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় রাজধানীতে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন সমাপ্ত হওয়ার একদিন পরেই বোমা হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে সোমবার সকাল ৯ টার দিকে আদালতে যাওয়ার জন্য চাঁদকাঠির জজ কলোনির বাসভবন থেকে বেরিয়ে গাড়িতে উঠার সময় শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়।

এ সময় সোহেল আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জগন্নাথ পাড়ে মারা যান।

আহতদের মধ্যে ঝালকাঠি জজ আদালতের চতুর্থ শ্রেণীর কর্মচারি আব্দুল মান্নান হাওলাদার, পথচারি মামুন ও বাদশা মিয়াকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জেলা সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক মাহফুজুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঝালকাঠির আওয়ামী আইনজীবী পরিষদ দুই বিচারক হত্যার প্রতিবাদে আদালত চত্ত্বরে মিছিল সমাবেশ করেছে।