কুয়াকাটায় সোমবার থেকে শুরু হচ্ছে রাশ উৎসব
কুয়াকাটা সমুদ্র সৈকতে সোমবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের রাশ উৎসব। পূণ্যার্থীদের বরণ করে নিতে কুয়াকাটা এখন প্রস্তুত।
প্রতিবছর কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ন মাসের প্রথম শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ পার্থিব জীবনের কামনা বাসনা পূরণের লক্ষ্যে কুয়াকাটার রাশ উৎসবে ভীড় জমায়। রাশের দিন সূর্যোদয়ের সাথে সাথে পূণ্যার্থীরা সমুদ্রে পূণ্য স্নান করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। প্রতিবেশি ভারত ও মায়ানমার থেকেও পূণ্যার্থীরা এ উৎসবে যোগ দিতে আসেন।
উৎসবটি মূলত হিন্দু সম্প্রদায়ের হলেও মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানরাও এ উৎসবে যোগ দেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে ভীড় জমিয়েছেন এখানে। রাশ উপলক্ষ্যে মেলা বসারও প্রস্তুতি চলছে পুরোদমে।
উৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করতে প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
