দুর্যোগ ব্যবস্থানার জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন সার্ক নেতৃবৃন্দ
সার্কভুক্ত চারটি দেশ সাম্প্রতিক সুনামি ও ভুমিকম্পের প্রলংকারী আঘাতে র ঘটনায় সার্ক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।
শনিবার নগরীর চীনর-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে নেতৃবৃন্দ এই উদ্বেগ প্রকাশ করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম প্রকৃতিসৃষ্ট সম্ভাব্য সকল দুর্যোগ এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
তিনি পূর্ব সতর্কতামূলক প্রস্তুতি ও সুনামি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট আঞ্চলিক কর্মসূচি উন্নয়নের আহ্বান জানান। তিনি আরও বলেন, ১৯৯৭ সালের অক্টোবরে মালেতে অনুষ্ঠিত পরিবেশমন্ত্রীদের সম্মেলনে গৃহীত এনভায়রনমেন্ট এ্যকশন প্ল্যান এখনও বাস্তবায়ন করা হয় নি।
নেপালের রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ মোকাবেলায় দৃঢ় ও সমন্বিত আঞ্চলিক কৌশলের আহ্বান জানান।
শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেন, সুনামি ও ভূমিকম্পে শুধু অসংখ্য মানুষ মারা যাওয়ার পাশাপাশি সম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা বেঁচে আছে তারাও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।
তিনি প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ মোকাবেলায় সার্কবুক্ত দেশসমূহের মধ্যে দুর্যোগের প্রস্তুতি ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও কার্যকর প্রস্তুতি এবং ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে আঞ্চলিক সহযোগিতা জোরদারের কথা বলেন। গত ডিসেম্বর মাসে বয়ে যাওয়া সুনামি এবং সাম্প্রতিক ভূমিকম্প এই অঞ্চলে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার কথাই মনে করিয়ে দেয়।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, এই সম্মেলন বিপর্যয়ের সময় ত্রাণ কার্য ও ব্যবস্থানার জন্যে ফলপ্রসূ এবং সময়োপযোগী সহযোগিতার জন্যে আঞ্চলিক কৌশল গ্রহণের কথা বলেন।
ভুটানের প্রধানমন্ত্রী লিওনপো সাঙ্গেই নেগদুপ বলেন, সাম্প্রতিক সময়ের প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের প্রতি মানুষের মনে বিরুপ ধারণার জন্ম দিয়েছে।
তিনি প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, সতর্কীকরণ ও প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সহযোগিতামূলক কাঠামো প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি আঞ্চলিক পরিবেশ চুক্তির লক্ষ্যে আমাদেরকে সার্ক সদস্যদেশগুলোর পরিবেশগত প্রতিবেদন তৈরির কাজ ত্বরান্বিত করতে হবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ায় সুনামি, বন্যা, ভূমিকম্প, সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সমন্বিত ভূমিকা গ্রহণের ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আগাম সতর্ককীকরণ ব্যবস্থা গ্রহণের জন্যে অন্যান্য কেন্দ্রগুলোর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে ঢাকায় অবস্থিত সার্ক আবহাওয়া ও জলবায়ু গবেষণা কেন্দ্রকে আরো জোরদার করতে হবে।
দীর্ষমেয়াদী উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বছরের পর বছর ধরে আমাদের প্রাকৃতিক সম্পদের প্রতি অবহেলা করার কারণে দক্ষিণ এশিয়ায় পরিবেশের ভারসাম্য এখন হুমকির সম্মুখীন।
বেগম জিয়া বলেন, পানি সম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনা, দূষণ প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ায় আগাম প্রস্তুতি গ্রহণের জন্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে সার্ক সদস্য রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে।
