কুষ্টিয়ায় বয়স্কভাতার টাকা আত্মসাৎ, টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে চেয়ারম্যানের দাবি
কুষ্টিয়া জেলার সদর উপজেলার জগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একজন মেম্বারের বিরুদ্ধে বয়স্কভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন সালাউদ্দিন ও মেম্বার শেখ মাহতাব জাগতি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বয়স্কভাতার টাকা আত্মসাৎ করেছেন। তবে চেয়ারম্যান শাহিন সালাউদ্দিন জানিয়েছেন, আত্মসাৎকৃত টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেম্বার মাহতাব ১৩ জন বয়স্ক ভাতার কার্ডধারীকে জনতার ব্যাংকের চৌঁড়হাস শাখায় নিয়ে যান। তিনি ১১ জনের প্রত্যেককে ২,৫২০ টাকা ও বাকি দু’জনের প্রত্যেককে ৫৪০ টাকা করে দেওয়ার কথা বলে ব্যাংক থেকে ২৮,৮০০ টাকা উত্তোলন করেন।
পরবর্তীতে মাহতাব তাদের পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি হোটেলে নিয়ে যান এবং তিনি সেখানে কার্ডধারীদেরকে নির্ধারিত টাকার চেয়ে কম টাকা বন্টন করে দেওয়ার চেষ্টা করেন।
মাহতাবের ফাঁকিবাজির বিষয়টি কার্ডধারীরা বুঝতে পেরে তারা একত্রে প্রতিবাদ জানায়। এতে মাহতাব বাধ্য হয়ে বয়স্ক ভাতার কার্ডধারীদের তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দিতে বাধ্য হন।
বটতৈল উত্তর পাড়ার কার্ডধারী রোকেয়া, নূরজাহান ও রহিমা অভিযোগ করেন, বয়স্কভাতার টাকা নিয়ে বাড়ি আসার পর ইউপি মেম্বার মাহতাব পরবর্তীতে তাদের বাড়ি বাড়ি গিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে বয়স্কভাতার টাকার একটি অংশ কেড়ে নেয়।
এ ব্যাপারে মাহতাবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এসব কিছুই করেছেন চেয়ারম্যানের ইচ্ছানুসারে। আর তাই এসব ঘটনার সমস্ত দায়ভার চেয়ারম্যানের।
চেয়ারম্যান শাহিন সালাউদ্দিনের সাথে যোগাযোগ করে হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়েছি এবং দুঃস্থদের মধ্যে সুষ্ঠুভাবে টাকা বন্টনের ব্যবস্থা করেছি।
এদিকে জেলা প্রশাসক জামাল এ নাসের চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির ব্যাপারে তার অজ্ঞতা প্রকাশ করেন। তবে লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি বিডিনিউজকে জানিয়েছেন।
এ ঘটনার প্রেক্ষিতে জগতি ইউনিয়নে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
